কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত রোববার একই স্থানে দুই পক্ষ সভা ডাকায় সহিংসতা এড়াতে সভাস্থলে ১৪৪ ধারা জারি করে স্থানীয় পুলিশ প্রশাসন। এতে কোনো পক্ষই সভা করতে পারেনি।মহেশখালী লিডারশিপ কলেজ মিলনায়তনে ওই দিন মৌলভী ছাঈদুল হক ফাউন্ডেশন ও মুক্তিযোদ্ধা সংসদ সভা আয়োজনের ঘোষণা দেয়। ছাইদুল হক ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার ও সনদ বিতরণের ঘোষণা দেওয়া হয়। একইস্থানে যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে মুক্তিযোদ্ধা সংসদ সমাবেশ করার ঘোষণা দেয়। অনাঙ্ক্ষাকিত ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে ওই স্থানে সভা ও সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করে স্থানীয় পুলিশ প্রশাসন। এ নিয়ে গত শনিবার বিকেলে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে দুই পক্ষের লোকজন নিয়ে বৈঠক করেন স্থানীয় প্রশাসন। ওই বৈঠকে কোনো সমঝোতা হয়নি।এদিকে ১৪৪ ধারা জারি করায় পৌর এলাকার সিকদারপাড়া মাদ্রাসা মাঠে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে মৌলভী ছাঈদুল হক ফাউন্ডেশন। এতে বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।