
রাঙামাটি পৌরসভায় নির্বাচনী প্রচারণায় মেয়র প্রার্থীদের একে অপরের বিরুদ্ধে অভিযোগ-পাল্টা অভিযোগে শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন ভোটাররা। তবে শঙ্কা দূর হয়ে দুপুর পর্যন্ত ছিল উৎসবের আমেজ। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে ভোট িদয়েছেন ভোটাররা। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন কেন্দ্র ঘুরে এ চিত্র দেখা যায়।
রাঙামাটি পৌরসভার ৯টি ওয়ার্ডে ২৮টি ভোটকেন্দ্রের মধ্যে সকাল ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চারটি কেন্দ্র ঘুরে জানা গেছে, ১১টার মধ্যে ২৫ থেকে ৩৫ ভাগ ভোট দেওয়া হয়ে গেছে। প্রতিটি কেন্দ্রে পুরুষ ও নারীরা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন।
বেলা ১১টায় রাঙামাটি সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. সানাউদ্দিন শেখ জানান, তাঁর কেন্দ্রে ২ হাজার ১৯৫ ভোটারের মধ্যে সকাল ১০টার মধ্যে ৫১২ জন ভোট দিয়েছেন।
ভোটকেন্দ্রের পাশাপাশি রাঙামাটি শহরের নিরাপত্তাব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ভোটাররা। ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত রিজার্ভ বাজার এলাকার শহীদ আব্দুল আলী একাডেমি কেন্দ্রের সংখ্যালঘু ভোটার রঘুনাথ চক্রবর্তীর (৪৫) সঙ্গে কথা হয় সকাল সাড়ে ১০টায়। তিনি বলেন, ‘ভোটের আগে খুবই শঙ্কিত ছিলাম। কেন্দ্রে এসে সেই শঙ্কা কেটে গেছে।’ ভোটের প্রথম সময়ে পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি। পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শুধু নারীদের জন্য নির্ধারিত রাঙামাটি সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে সোয়া ১০টায় কথা হয় ভোটার সখিনা বেগম (৫৫) ও সালেহা সুমির (২৫) সঙ্গে। তাঁরা বলেন, ‘আমরা ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট।’
রাঙামাটি সরকারি কলেজ কেন্দ্রে পাহাড়ি ও বাঙালি ভোটার প্রায় সমান। সকাল সাড়ে নয়টায় সেখানে গিয়ে দেখা গেছে, ভোট দেওয়ার জন্য সবাই সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে আছেন। পরিচিত পাহাড়ি-বাঙালি ভোটাররা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করছেন।
নির্বাচন কেমন হচ্ছে জানতে চাইলে বিএনপির প্রার্থী মো. সাইফুল ইসলাম চৌধুরী ও জনসংহতি সমিতি–সমর্থিত প্রার্থী গঙ্গা মানিক চাকমা বলেন, জাল ভোট দেওয়া হচ্ছে ব্যাপক হারে।
রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তফা জামান বলেন, সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে। দুপুর পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটাররা উৎসবের আমেজে ভোটকেন্দ্রে আসছেন।