দুপুরের খাবার পেয়ে শিশুদের মধ্যে অন্য রকম উচ্ছলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দুপুরে বাড়িতে খেতে গেলে বিদ্যালয়ে ফিরতে প্রায়ই দেরি হয়। এতে স্যার বকা দেন। এখন আর স্যারের বকা খেতে হবে না। দুপুরের খাবার পেয়ে খুব খুশি লাগছে।’ বিদ্যালয়ে দুপুরের খাবার পেয়ে উচ্ছ্বসিত হয়ে এমন অনুভূতি জানাল চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আজিজা আকতার। প্রথম শ্রেণীর আনিকা শারমিন বলল, ‘বিদ্যালয়ে দুপুরে প্রায় সময় খিদে লাগত, এখন খিদে লাগলেই খেতে পারব। খুব মজা হবে।’ তাদের মতো শারমীন, মুন্নী, রুবেল, মনসুর আলমসহ সব শিক্ষার্থী বিদ্যালয়ে খাবার পেয়ে ভীষণ খুশি। ৯ অক্টোবর কক্সবাজারের রামু উপজেলার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দুপুরের খাবার (মিড ডে মিল) বিতরণকে ঘিরে এ রকম উচ্ছলতা দেখা যায়। দুস্থ ও গরিব জনগোষ্ঠীর ছেলেমেয়েদের ঝরে পড়া রোধ করে বিদ্যালয়ে উপস্থিতির হার বাড়ানোর লক্ষ্যে রামু উপজেলা প্রশাসন এ কার্যক্রম শুরু করে। কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. জয়নুল বারী।রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ মোহাম্মদ ছাইদুল হকের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা বেগম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার, ভাইস চেয়ারম্যান ফজলুল্লাহ মোহাম্মদ হাসান, নারী ভাইস চেয়ারম্যান নুসরাত জাহান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাকের উল্লাহ, আওয়ামী লীগের নেতা শামসুল আলম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, আবদুল মাবুদ, সাইফুল ইসলাম, মুফিদুল আলম এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অনুপম বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষক মতিউর রহমান হাওলাদার।জেলা প্রশাসক মো. জয়নুল বারী বলেন, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে মিড ডে মিল কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখবে।ইউএনও বলেন, এ কার্যক্রম চালানোর জন্য সচ্ছল অভিভাবকেরা মাসে তিন কেজি করে চাল ও ২৫০ গ্রাম ডাল দিচ্ছেন। বিত্তবানেরা দিচ্ছেন আর্থিক সহায়তা। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ অনেকে নিয়মিত আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন। সরকারি কোনো অনুদান ছাড়া রামুতেই সর্বপ্রথম এ রকম কার্যক্রম চালু করা হলো বলে মন্তব্য করেন তিনি।বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা বেগম বলেন, ‘এ উদ্যোগ বাস্তবায়ন নিয়ে প্রথম দিকে শঙ্কিত ছিলাম। কিন্তু অভিভাবক ও এলাকার সচেতন ব্যক্তিদের উৎসাহ-উদ্দীপনা দেখে আশাবাদী হয়ে উঠি।’ তিনি জানান, প্রতিদিন ১৩৫ জন শিক্ষার্থীকে দুপুরের খাবার দেওয়া হবে।