দুপুরের পর গাড়ি চলাচল শুরু
বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালে নগরে প্রচুর রিকশা চললেও সকালে বাস, ট্রাক, ব্যক্তিগত ও দূরপাল্লার যানবাহন চলেনি। মাঝেমধ্যে অটোরিকশা ও টেম্পো চলতে দেখা গেছে। তবে দুপুরের পর থেকে ভারী যানবাহন চলাচল শুরু হয়। দুপুর একটা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোনো রকম গোলযোগের খবরও পাওয়া যায়নি।হরতাল চলাকালে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অবস্থান নিয়ে সমাবেশ করেছে। এতে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবেক সাংসদ রোজী কবির, নগর কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি দস্তগীর চৌধুরী, সহসভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনসহ নগর ও বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতারা বক্তব্য দেন। সড়কের একপাশে ফুটপাতে অনুষ্ঠিত সভাটি পুলিশ ঘিরে রাখে। এর আগে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে ভিড় করেন। এ সময় তাঁরা নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে ঢুকতে চাইলে পুলিশ তাঁদের বাধা দেয়। পরে তাঁরা ফুটপাতে অবস্থান নিয়ে মাইক ছাড়া সমাবেশ করেন। সমাবেশে বক্তারা বলেন, মহাজোট সরকারের দুর্নীতি, স্বজনপ্রীতি ও নির্যাতনে দেশের মানুষ আজ দিশেহারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে। তাঁরা আরও বলেন, বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া ও তাঁর পরিবারকে হয়রানি করছে এই সরকার। তাদের কারণে দেশ আজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের ঘটনায় উদ্ভূত পরিস্থিতির সঙ্গে খালেদা জিয়াকে জড়ানোর সমালোচনা করেন বক্তারা। হরতালে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল বলে জানা গেছে। তবে যাত্রী ছিল তুলনামূলকভাবে কম। অন্য দিকে চট্টগ্রাম বন্দরের পণ্য উঠানো-নামানোর কাজ ছিল স্বাভাবিক। তবে পণ্য সরবরাহ করা হয়নি। হরতালে অপ্রীতিকর ঘটনা রোধে নগরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন ছিল। পুলিশের পাশাপাশি র্যাবকেও টহল দিতে দেখা গেছে নগরে। এদিকে, এবারের বিএনপির ডাকা হরতাল প্রতিরোধ করতে আওয়ামী লীগ পাল্টা কোনো কর্মসূচি দেয়নি। তবে সকাল সাড়ে ১০টার দিকে নগরের লালখান বাজার এলাকায় নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও কয়েকজন নেতা-কর্মী রাস্তায় দাঁড়ানো যাত্রীদের শহর এলাকার একটি বাসে তুলে দেন।