বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী ইউনিয়নের পাশ দিয়ে বয়ে গেছে রায়খালী খাল। এ খালের ঘাটকূল এলাকায় তিন বছর আগে গড়ে উঠেছে জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা ‘এফএমসি ডকইয়ার্ড’। স্থানীয় অন্য দরিদ্র লোকজনের মতো এ কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন আবুল কাশেম (৫০)।বৃহস্পতিবার দুপুরে অন্যদিনের মতো ঘাটকূল ঘাটে উপস্থিত হন আবুল কাশেম। দুপুরের খাবার খেতে খালের ওপারে যেতে অর্ধশত শ্রমিকের সঙ্গে তিনিও নৌকায় ওঠেন। অতিরিক্ত যাত্রীবোঝাইয়ের কারণে ছাড়ার আগেই নৌকাটি সেখানেই ডুবে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান আবুল কাশেমসহ আরও তিন শ্রমিক। নৌকাডুবির কিছুক্ষণের মধ্যেই উদ্ধার করা হয় তিনজনের মরদেহ।নৌকাডুবির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আবুল কাশেমের আত্মীয়স্বজনেরা। বিকেল পাঁচটার দিকে নৌবাহিনীর ডুবুরিরা উদ্ধার করে আনেন আবুল কাশেমের মরদেহ। এ সময় খালের অন্য পাড়ে ভাই হারানোর বিলাপ করছিলেন বোন হোসনে আকতার।আর ছোট ভাইয়ের মরদেহের পাশে দাঁড়িয়ে আবুল কালাম বলেন, ‘আবুল কাশেমই ছিল তাঁর সংসারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি। আমাদের অন্য ভাইদের অবস্থাও খুব খারাপ। বুঝতে পারছি না তাঁর সংসার কীভাবে চলবে?’কথা বলার একপর্যায়ে হঠার্যা বিলাপ শুরু করে দেন আবুল কালাম। বলতে থাকেন, ‘ভাইরে, তুই শেষবারের মতো ভাত খেতে চলে গেলি, তোর ছেলেমেয়েদের এখন ভাত খাওয়াবে কে।’ বোয়ালখালীর পশ্চিম শাকপুরা গ্রামের আমির বক্সের চার ছেলে ও তিন মেয়ের মধ্যে দ্বিতীয় আবুল কাশেম। তাঁর দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। বড় মেয়ে সীমা আকতার এবার এসএসসি পরীক্ষা দেবে। ছোট মেয়ে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে অধ্যয়নরত। আর একমাত্র ছেলে সায়মন ইসলাম (৫)। স্ত্রী কোহিনুর আকতার গৃহবধূ।আর নৌকায় উঠবে না ওরা তিনজন: একই কারখানায় বিভিন্ন শাখায় কাজ করেন মো. শফিকুল (২৩), মো. ফয়সাল (১৭) ও মো. শাহেদ (১৭)। অভাবের সংসার। তাই অল্প বয়সেই পরিবারের হাল ধরতে এ কারখানায় কাজ নেয় এ তিনজন। অন্যদের মতো তারা তিনজনই এ নৌকায় ওঠে। শফিকুল নৌকার ছাদে উঠলেও ফয়সাল ও শাহেদ ছিল নৌকার ভেতরেই। কারখানা প্রাঙ্গণে দাঁড়িয়ে নৌকাডুবির গল্প শোনায় ওরা তিনজন।তারা প্রথম আলোকে বলে, ‘খালের ওপারে আমাদের মেস। খাল পার হতে নৌকায় উঠি। কিন্তু এক পাশে সবাই জড়ো হওয়ায় নৌকাটি দুলতে দুলতে একপর্যায়ে ডুবতে থাকে। নৌকা ডুবে যাওয়ার ঠিক আগে জানালা দিয়ে বেরিয়ে পড়ি আমরা দুজন। একটুর জন্য প্রাণে বেঁচে গেছি। আর কোনো দিন নৌকায় উঠব না।’