দুরন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা-মায়ের একমাত্র ছেলে হিসেবে ছোটকালে ছিলাম প্রচণ্ড চঞ্চল, জেদি আর দুরন্ত। গ্রামের কাদা-বালিতে গড়াগড়ি দিয়ে বড় হয়েছি। স্কুল থেকে ফেরার পথে রাস্তার পাশের বাগান থেকে ফলমূল ছিঁড়ে খাওয়াটা ছিল নিত্যদিনের কাজের অংশ। এরকমই কোনো একদিন কী একটা কারণে স্কুল বন্ধ ছিল। ক্লাস সেভেনে পড়ি। নেশা ছিল, সময় পেলেই বাইসাইকেলটা নিয়ে দূরে কোথাও হারিয়ে যাওয়া। যেই ভাবা, সেই কাজ। প্রাইভেট শেষ হয়েছিল বেলা ১১টায়। কাউকে কিছু না বলেই আমি আর পাশের গ্রামের বন্ধু সজল বেরিয়ে পড়লাম। দুজনেই প্রতিযোগিতা করে সামনে যেতেই আছি। দুপুরে যে খাইনি সে খেয়ালই নেই। কথা ছিল পশ্চিম-দক্ষিণে টানা তিন ঘণ্টা চলবে আমাদের সাইকেল যাত্রা, কিন্তু কখন যে সাড়ে তিনটা বেজেছে খেয়ালই করিনি। লোকজনকে জিজ্ঞেস করে জানতে পারলাম, একটু দূরেই টাঙ্গন নদ। লক্ষ্য স্থির হলো, নদীর তীর পর্যন্ত ঘুরে আসা। সজল ফিরে আসতে চাইল। কিন্তু আমি জেদ ধরলাম। শেষমেশ যখন নদের তীরে পৌঁছালাম, তখন হালকা হাওয়া বইতে শুরু করেছে। আকাশে কালো মেঘ। বুঝলাম ভুল হয়ে গেছে। তাড়াতাড়ি করে ফিরতেই একটা বাজার পেলাম, আশ্রয় নিলাম একটা দোকানে। শুরু হলো কালবৈশাখীর তাণ্ডবলীলা; শেষ হলো আটটায়। সজল তো কেঁদে অস্থির। ক্লান্ত শরীরে যখন বাড়ির পথে পা বাড়ালাম, সাইকেল আর সামনে এগোয় না, ঘুটঘুটে অন্ধকার আর কাদা। দুই পা এগোতে না এগোতেই ধপাস! পাশের এক বাড়িতে টিউবওয়েলের খোঁজ পেলাম, তখন আমাদের অবস্থা দেখে বাড়িওয়ালা বাসায় বসতে দিলেন। রাতটা সেখানেই কাটল। সারা রাত মনে পড়ল মায়ের মুখ। মা না জানি কী করছে। পিটুনি আর বকাঝকার ভয় তো আছেই। পরদিন বাড়ি ফিরে দেখি রীতিমতো হুলস্থূল কাণ্ড। সবাই আমাদের খুঁজতে বেরিয়েছে। ভাবছিলাম, নিশ্চয়ই মা রেগেমেগে অস্থির। কিন্তু ঘরে পা রেখে দেখি মা অসুস্থ। মাকে স্যালাইন দেওয়া হয়েছে। আমার গলার আওয়াজ শুনেই মা বিছানা থেকে উঠে জড়িয়ে ধরলেন আমাকে। তারপর কাঁদতে লাগলেন। ‘বাবু তুই কোথায় হারিয়ে গিয়েছিলি?’ মায়ের কান্না দেখে আমারও খুব কান্না পেয়ে গেল। মনে মনে প্রতিজ্ঞা করলাম, মা, মারে; তুমি আমাকে এত্ত ভালোবাস। আর কখনো তোমাকে না বলে কোথাও যাব না মা। বিকাশ রায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ