
শচীন টেন্ডুলকার ব্যাটিংয়ে নামলে টেলিভিশনের সামনে থেকে তাঁকে সরানোই যেত না। ক্রিকেটার হওয়ার স্বপ্ন সেখান থেকেই শুরু। কিন্তু জেসির জন্য তত দিনে মঞ্চটাই তৈরি হয়নি। হবে কী করে? বাংলাদেশে যে তখনো মেয়েদের ক্রিকেটই চালু হয়নি।
সেটা প্রায় ১০-১২ বছর আগের কথা। কিন্তু এখন দিন বদলেছে। ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে মেয়েরাও সমানে ক্রিকেট খেলছেন। জেসিও সেই দলেরই একজন। পুরো নাম সাথিরা জাকির। ২০০৭ সালে প্রথমবারের মতো গড়া বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলে জায়গা করে নিয়েছিলেন লালমনিরহাটের এই মেয়ে।
ক্রিকেটটা তাঁর হৃদয়ে জায়গা করে নিয়েছিল অনেক আগেই। ছোটবেলা থেকেই ছেলেদের সঙ্গে খেলতেন। এ জন্য কম কথা শুনতে হয়নি পাড়াপড়শির কাছ থেকে। ক্রিকেটার হওয়ার স্বপ্ন মনের মধ্যে পুষে রেখেই একদিন এলেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান—বিকেএসপিতে। কিন্তু মেয়েদের ক্রিকেট শুরু হয়নি বলে বাধ্য হয়ে ভর্তি হলেন শুটিংয়ে। এই খেলা তাঁকে টানছিল না। এরই মাঝে একদিন খবর পেলেন ঢাকায় মহিলা ক্রিকেট দল গড়া হবে। ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে দেখা হলো ঢাকা জেলার কোচ পারভিন নাহরের সঙ্গে। তাঁকে ইচ্ছাটা জানাতেই, বললেন, ‘তুই কি ক্রিকেট খেলতে পারবি?’ মনের গহিনে লুকিয়ে থাকা ইচ্ছাটা যেন ডানা মেলার সুযোগ পেল।
প্রথমে জাতীয় নারী ক্রিকেট লিগে খেললেন জেসি। অলরাউন্ডার হিসেবেই জাতীয় দলে সুযোগ পেলেন। এরপর ২০০৭ সালে মালয়েশিয়াতে খেলতে গেলেন এসিসি চ্যাম্পিয়নশিপে। বাংলাদেশ সেবার চ্যাম্পিয়ন হওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি জেসিকে।
আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও নিয়মিতই খেলছেন। মোহামেডান, আজাদ স্পোর্টিংয়ের পর এই মৌসুমে খেলছেন রূপালী ব্যাংকের হয়ে।
ও হ্যাঁ, বলাই হয়নি। ক্রিকেটার জেসির কিন্তু আরেকটি পরিচয়ও আছে। বিভিন্ন টেলিভিশনে ক্রিকেট-বিষয়ক অনুষ্ঠানে উপস্থাপনার কাজটাও সমানে করে যাচ্ছেন। কাজটা উপভোগও করছেন। দুটোর মধ্যে কোনটাকে বেছে নেবেন? জেসির হাস্যোজ্জ্বল উত্তর, ‘অবশ্যই ক্রিকেট সবার আগে। ক্রিকেটের জন্যই সবার কাছে পরিচিত হয়েছি। ক্রিকেটের কারণেই ক্রিকেটের অনুষ্ঠান উপস্থাপনা করছি।’
বাংলাদেশের মেয়েদের প্রতিটি ক্ষেত্রেই লড়াই করতে হয়। জেসিও ব্যতিক্রম নন। ক্রিকেট খেলেন বলে সবাই শুরুতে হাসি-ঠাট্টা করত। তাচ্ছিল্যভরে বলত, ‘ক্রিকেট খেলে কী করবি। বরং পড়াশোনাটা ভালোমতো কর, কাজে দেবে।’ কিন্তু কোনো কিছুই দমিয়ে রাখতে পারেনি জেসিকে। ব্যাংক কর্মকর্তা বাবা রফিকুল ইসলাম সব সময় সমর্থন জুগিয়েছেন। বিয়ের পর স্বামী ও শ্বশুর-শাশুড়িসহ সবাই একইভাবে সমর্থন দিচ্ছেন। জেসির খেলা থাকলেই শ্বশুরবাড়ির সবাই মাঠে চলে যান খেলা দেখতে। ছেলেদের তুলনায় মেয়েরা ক্রিকেট খেলে অনেক কম টাকা পান। এ নিয়ে আক্ষেপ নেই জেসির, ‘শুরুতে তো একদমই কম পেতাম। এখন হাতে গোনা পাঁচ-ছয়জন ভালো টাকা পাচ্ছি ক্লাব ও জাতীয় দল থেকে। আশা করি ভবিষ্যতে এটা আরও বাড়বে।’

নিজের প্রথম উপার্জনের দিনটির কথা আজও স্মরণীয় হয়ে আছে জেসির, ‘প্রথম যেদিন ম্যাচসেরার পুরস্কার পাই, সেদিন টাকাটা বাবার হাতে তুলে দিয়েছিলাম। বাবা খুব খুশি হয়েছিলেন।’
খেলা এবং টেলিভিশনের উপস্থাপনা করে হাতে অবসর একদমই থাকে না। ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়ছেন। খেলার ফাঁকে তাই সময় বের করতে কষ্ট হয় জেসির, ‘পড়াশোনা এবং খেলা একসঙ্গে চালিয়ে নেওয়াটা খুব কঠিন। তবুও চেষ্টা করছি সব ঠিকমতো করার।’
শচীন টেন্ডুলকারের ভক্ত জেসি। অথচ প্রিয় ক্রিকেটারকে সামনে পেয়েও অটোগ্রাফ নিতে, ছবি তুলতে বেমালুম ভুলে গিয়েছিলেন, ‘একবার এশিয়া কাপ খেলতে ঢাকা এসেছিল ভারত। আমরা ড্রেসিং রুমের সামনে গেলাম। টেন্ডুলকারকে এত কাছে থেকে দেখে কী করব বুঝতে পারছিলাম না। এক দৃষ্টিতে চেয়ে ছিলাম। কিন্তু ছবি তোলার কথা, অটোগ্রাফের কথা মনেই ছিল না।’
বিকেএসপিতে পড়াশোনা করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত খেলছেন সাকিবরা। জেসির স্বপ্ন, একদিন মেয়েরাও বিশ্বকাপে খেলবে। সেদিন হয়তো দূরে নয়, যেদিন জেসিদের নিয়েও মেতে উঠবে পুরো বাংলাদেশ।