দুরন্ত দূর্দানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামের এক দুরন্ত কিশোরী। সারাক্ষণ চায় দাপিয়ে বেড়াতে। পড়ার প্রতিও তার বেশ টান। কিন্তু সবকিছুতে বাধা হয়ে দাঁড়ায় দাদু আর মা—না, মেয়েদের অত বেশি বাইরে যাওয়া চলবে না। লোকে নানা কথা বলবে। কিন্তু কিশোরী নাছোড়। তার পাশে দাঁড়ায় বাবা। অবশেষে বিদ্যালয়ে যাওয়ার অনুমতি পায় সে। কিন্তু পথে ওত পেতে থাকে আরেক বিপদ। বখাটের উৎপাত। একদিন বখাটেরা ইভ টিজিং করে ওই কিশোরীকে। প্রতিবাদ করে বাবা। বখাটেদের হাতে প্রাণ যায় বাবার। এই মৃত্যু তাকে করে তোলে আরও প্রতিবাদী।
এই কাহিনি কোনো নাটকের নয়, ২০১৪ সালের ‘মার্কস অলরাউন্ডার’ প্রতিযোগিতার অভিনয়পর্বে জারি গানের মাধ্যমে এটি পরিবেশন করে চট্টগ্রামের মেয়ে শেখ ফাইরুজ নাওয়াল চৌধুরী। তবে তাকে সবাই চেনে দূর্দানা নামে।
সেদিন তার অভিনয় দেখে চোখ মোছেন দর্শকসারিতে থাকা অনেকে। মেলে স্বীকৃতিও। অভিনয়ে দ্বিতীয় হয়ে সে অর্জন করে রৌপ্যপদক। শুধুই কি অভিনয়ে, আবৃত্তি ও গানেও তার বিচরণ সমানতালে।
দূর্দানার সাফল্য কার অনুপ্রেরণায়? নির্ভরতায় দৃষ্টি নিয়ে তাকায় মা নিশাত হাসিনার দিকে। বলল, ‘আমার আবৃত্তি আর অভিনয়ের শিক্ষক মা। সবকিছু ঠিকমতো গুছিয়ে দেয়। ভুল হলে বকা দিতে ছাড়ে না। ফলে, আমার সব একেবারে নিখুঁত হয়। ভুলটা ঠিক যেখানে, মা সেই জায়গায় হাত দেন।’
গানেও তার হাতেখড়ি একেবারে বোল ফোটার সময়। সেন্ট মেরিস বিদ্যালয়ে কেজিতে পড়ার সময় মা তাঁকে ভর্তি করিয়ে দেন শিশু একাডেমীর সংগীত বিভাগে। সেখানে সে চার বছরের কোর্স সম্পন্ন করে।
মা নিশাত জাহান বলেন, ‘ছোটবেলা থেকেই তার মধ্যে অভিনয় ও আবৃত্তির প্রতি ঝোঁক রয়েছে। দেখতাম, টেলিভিশনে নাটক দেখার পর চরিত্রগুলো সে অনুকরণ করত আয়নার সামনে। কখনো কখনো আমাকে অনুকরণ করত। তার এসব আমার নিজেরও ভালো লাগত। পরে বড় হওয়ার সঙ্গে আগ্রহ বাড়তে লাগল। ফলে, সে অভিনয় ও আবৃত্তিতে অনেক বেশি সাবলীল।’ তার প্রমাণ পাওয়া যায় নানা প্রতিয়োগিতায়। আবৃত্তি আর উপস্থিত বক্তৃতা মানে দূর্দনার হাতে প্রথম পুরস্কার। গান-অভিনয়ে কম যায় না। বিভিন্ন সময় সে জিতেছে অর্ধশতাধিক পুরস্কার। বেতার ও বাংলাদেশ টেলিিভশনে শিশুশিল্পী হিসেবেও সে তালিকাভুক্ত।
এত কিছুর মধ্যে পড়ালেখাও সমান তালে এগিয়ে নিচ্ছে সে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে এখন পড়ছে ইস্পহানি পাবলিক স্কুলের ষষ্ঠ শ্রেণিতে।