দুরন্ত বয়সের ব্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকালে ঘর থেকে বের হওয়া, ক্লাস, আড্ডা—সব সেরে দেখা যায় ফেরা হলো সেই বিকেলে কিংবা সন্ধ্যায়। কলেজ বা বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েটির ব্যাগে তাই থাকে খুঁটিনাটি সবকিছুই। ছাতা, বই-খাতা, মোবাইল ফোন থেকে শুরু করে প্রসাধনের টুকিটাকি এটে যাবে আবার দেখতেও বেশ ফ্যাশনেবল। এমন ব্যাগই তো চাই।একটা সময় ছিল যখন ব্যাগের আকার ও নকশায় তেমন বৈচিত্র্য দেখা যেত না। রং হতো শুধু কালো বা বাদামি। এখন দেখা যাচ্ছে নিত্যনতুন আয়োজন। একটু ভিন্নধর্মী করে বানানো হচ্ছে বলে এই ব্যাগগুলোর এত চাহিদা। আবার ব্যাগে নানা রকম পকেট, চেইন দিয়ে এর উপযোগিতাও বাড়ানো হচ্ছে। ফ্যাশন হাউস নন্দন কুটিরের ডিজাইনার শহীদুল হক বলেন, ‘ব্যাগগুলো যাতে দেখতে সুন্দর হয়, সেদিকে খেয়াল রাখি। নানা রকম ব্যাগের নকশা দেখে নিজেদেরটা আরও ভালো করার চেষ্টা করি।’ ‘ছোটবেলায় ব্যাগ নিয়ে খুব একটা বের হতাম না আমরা। কিন্তু এখন ব্যাগ নিয়ে বের হতেই হয়। কোথাও ঘুরতে বের হলে ব্যাগ নিয়ে বের হচ্ছে টিনএজ ছেলেমেয়েরা। টুকিটাকি থেকে প্রয়োজনীয় জিনিস, সবই সঙ্গে রাখতে হয় তাদের। সেদিকে খেয়াল রেখে ব্যাগ নির্বাচন করা উচিত।’ বলে জানান ফ্যাশন হাউস পিরানের ডিজাইনার হোসনা বানু।বাজার ঘুরেশুধু প্রয়োজনীয় বলেই নয়, ব্যাগ এখন ফ্যাশনেবল একটি অনুষঙ্গ হিসেবেই ব্যবহার হচ্ছে। এ কারণে বিভিন্ন কাটে এবং নকশা ঢেলে সাজানো হচ্ছে। ওভাল কাট, চারকোনা, আয়তাকার ও ঝোলা আকারের ব্যাগ চোখে পড়ে। এর সঙ্গে রংবেরঙের নকশা এনে দিয়েছে বেশ জনপ্রিয়তা। কাপড়ের পাশাপাশি অন্যান্য উপকরণ দিয়েও তৈরি করা হচ্ছে এ ব্যাগগুলো। পাটের তৈরি ব্যাগগুলোর মধ্যে আছে অন্য রকম আবেদন। কখনো বা শুধু পাট দিয়ে বানানো হচ্ছে। আবার কখনো তা জোড়া দিয়ে লাগানো হচ্ছে একটুকরা কাপড়ের সঙ্গে। শহীদুল হক বলেন, ‘কোলাজ ডিজাইনে আমরা কিছু ব্যাগ তৈরি করেছি। বিভিন্ন রঙের কাপড় কেটে জোড়া দিয়ে ব্যাগের ওপর বসানো হয়েছে। উজ্জ্বল রং আর নানা রকম উপকরণ ব্যবহার করছি ভিন্নধর্মী লুক সৃষ্টিতে।’ ঝোলা ব্যাগের ওপর কাজ করা, মোবাইল রাখার ছোট্ট পকেটও নজর কাড়ে। রঙের ক্ষেত্রে একরঙা তো আছেই। টাইডাই ও ব্লকও ব্যবহার করা হচ্ছে। সুতা দিয়ে তোলা হচ্ছে ফুলেল নকশা, কাঁথা-স্টিচের কাজ। আর চুমকি, পুঁতি, লেস ও কড়ির ব্যবহার তো আছেই।ম্যাচিং করে অথবা কনট্রাস্ট করেকাপড়ের সঙ্গে মিলিয়ে অথবা বিপরীত রঙের ব্যাগ নেওয়া দুটোই এখন বেশ ফ্যাশনেবল বলে জানান হোসনা বানু। তবে পোশাকে বেশি নকশা আর রং থাকলে ব্যাগে একটু কম নকশা থাকা ভালো। উল্টোভাবে ব্যাগের জমকালো নকশা তখনই ভালোভাবে চোখে পড়বে, যখন কাপড়ের কাজ হালকা হবে। শারীরিক গঠনের সঙ্গে মানানসই হবে এমন ব্যাগ কাঁধে নিলেই ভালো লাগবে বলে জানান শহীদুল হক। লম্বা যাঁরা তাঁদের জন্য লম্বা বেল্ট দেওয়া ব্যাগ। যাঁরা একটু খাটো, ছোট বেল্টের ব্যাগ তাঁদের জন্য আরামদায়ক হবে বেশি বলে জানান তিনি। ব্যাগ পরিষ্কার করার সময় একটু যত্ন নিতে হবে। জেট জাতীয় হালকা পরিষ্কারক দিয়ে ধোয়া উচিত। এতে রং নষ্ট হবে না।