দুরবিনে দুরবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

তখন স্কুলে পড়ি। একদিন বন্ধু হৃদয় ও আমি সিদ্ধান্ত নিলাম জীববিজ্ঞানী হব। অতি ক্ষুদ্র জীব নিয়ে গবেষণা করে অতি বড় হয়ে যাব। ক্ষুদ্র জীব নিয়ে গবেষণা করার জন্য তো আগে ওদের ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে, আর এর জন্য প্রয়োজন অণুবীক্ষণ যন্ত্র! তখন আমরা বেশ ছোট। অণুবীক্ষণ যন্ত্র পাব কোথায়? শেষমেশ সিদ্ধান্ত হলো অণুবীক্ষণ যন্ত্র নয়, আপাতত দুরবিন দিয়েই আমাদের গবেষণা চলবে। দুজন মিলে একটা দুরবিন কিনে ফেললাম। মুখে বিজয়ীর হাসি। মনে হচ্ছিল এবার আর কেউ আমাদের জীববিজ্ঞানী হওয়া থেকে আটকাতে পারবে না।
দুরবিন কেনার পর উত্তজনা ধরে রাখতে পারি না আমরা। হাঁটতে হাঁটতে চলে গেলাম নদীর পারে। ধরলাম একটা পোকা। পোকা সামনে নিয়ে দুরবিনে চোখ রাখলাম। কিন্তু কিছুই তো দেখা যায় না। সব অস্বচ্ছ, ধোঁয়াটে। আরও দু–একটা পোকা ধরে পরীক্ষা করলাম। একই অবস্থা! কিছুক্ষণ পর যখন বুঝলাম কী ভুল করেছি, জীববিজ্ঞানী হওয়ার স্বপ্ন সঙ্গে সঙ্গে চাপা পড়ে গেল হো হো হাসিতে!
উত্তর মান্ডা, ঢাকা