দুর্গ দখলে রাখল বড় দুই দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে নিজেদের দুর্গ দখলে রেখেছে বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপি। ২০০৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে এ দুই উপজেলা থেকে দুই দলের মনোনীত প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
স্থানীয় নেতা-কর্মীদের মতে, গত দেড় দশক থেকে চকরিয়ার ক্ষেত্রে উন্নয়ন বৈষম্য ও পেকুয়ার ক্ষেত্রে একপেশে উন্নয়নের প্রভাব পড়েছে এবারের নির্বাচনে।
গত ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চকরিয়া থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম ৬৫ হাজার ১৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও ডুলাহাজারা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী। তিনি পেয়েছেন ৫৭ হাজার ৭১ ভোট। এ উপজেলায় ৮৪ হাজার ৯৮২ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত সাফিয়া বেগম। আর ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আঞ্চলিক গানের শিল্পী হেড মাস্টার খ্যাত সিরাজুল ইসলাম আজাদ। তিনি পেয়েছেন ৫৮ হাজার ৭৩৯ ভোট।
এ উপজেলায় ২০০৯ সালের ২২ জানুয়ারির উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম। ভাইস চেয়ারম্যান পদে একই দলের এস এম জাহাঙ্গীর আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জাহানারা পারভিন নির্বাচিত হয়েছিলেন। এবার রেজাউল করিম ও জাহাঙ্গীর আলম নির্বাচনে অংশ নেননি। আর জাহানারা পারভিন দলের সমর্থন না পেয়ে নির্বাচন করে হেরে গেছেন। গত উপজেলা নির্বাচনের পর থেকে কক্সবাজার জেলায় এ উপজেলাটি আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিতি পেতে শুরু করে।
এদিকে পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে বিএনপি-সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। চেয়ারম্যান পদে উপজেলা যুবদলের আহ্বায়ক শাফায়েত আজিজ ৪১ হাজার ২৭৭ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ওয়াহিদুর রহমান ওয়ারেচি পেয়েছেন ২০ হাজার ৪৬৯ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৯ হাজার ৬৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপি-সমর্থিত লুৎফা হায়দার। ২০ হাজার ৪১৮ ভোট পেয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ-সমর্থিত নিগার সোলতানা। ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন পেকুয়া সদর ইউনিয়ন জামায়াতের আমির ও ১৯-দলীয় জোট-সমর্থিত প্রার্থী মো. নুরুজ্জামান। তিনি পেয়েছেন ৪৩ হাজার ১৪৩ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী নুরুল আজিম পেয়েছেন ১৩ হাজার ১৪১ ভোট। এখানে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী কবির আহমদ হয়েছেন তৃতীয়।
দুই উপজেলায়ই দুই দলের একই অবস্থান বজায় থাকার কারণ জানতে চাইলে চকরিয়ার কোনাখালী ইউনিয়নের চেয়ারম্যান দিদারুল ইসলাম বলেন, বিগত বিএনপি আমলে সালাহ উদ্দিন আহমদ উন্নয়নের ক্ষেত্রে চকরিয়ার মানুষের প্রতি বৈষম্যমূলক আচরণ করেছেন। তাই এ উপজেলার মানুষ বিএনপির ওপর বিরক্ত, যার প্রভাব পড়েছে ভোটে। একই কথার স্বীকারোক্তি মিলেছে পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের চেয়ারম্যান মোসলেম উদ্দিনের বক্তব্যে। তিনি বলেন, পেকুয়া উপজেলায় সালাহ উদ্দিন আহমদ যে উন্নয়নকাজ করেছেন তাতে এ উপজেলা ১০০ বছর এগিয়ে গেছে। এ জন্য মানুষ বিএনপি প্রার্থীদের ভোট দিয়েছেন। বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদের নিজ এলাকা হওয়ায় এ উপজেলা বিএনপির দুর্গ নামে পরিচিতি পেয়েছে।