মহেশখালী শাপলাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুর্গ ধরে রাখল জামায়াতে ইসলামী। সাত হাজার ৩৬৫ ভোট পেয়ে জামায়াতে ইসলামী-সমর্থিত প্রার্থী নুরুল হক বিজয়ী হয়েছেন। এদিকে জামানত হারালেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মোহাম্মদ ওচমান সরওয়ার। তিনি ভোট পেয়েছেন এক হাজার ৬৩৫ ভোট। এ ছাড়া মাঠে হারিয়েছেন বর্তমান চেয়ারম্যান আবদুল খালেক চৌধুরী। ২২ নভেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
স্থানীয় লোকজন জানান, উপজেলার শাপলাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর দুর্গ হিসেবে পরিচিত। কেন্দ্র থেকে ঘোষিত জামায়াতের বিভিন্ন কর্মসূচি অন্য এলাকায় পালন না করলেও এখানে পালিত হয়। এমনকি দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় ঘোষণার প্রতিবাদে ওই এলাকা থেকে নারীরা ঝাড়ুমিছিল ও সড়ক অবরোধ করে। নির্বাচনের ব্যতিক্রম হয়নি।
৩ নভেম্বর চতুর্থ দফায় ঘোষিত শাপলাপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেন জামায়াতে ইসলামী-সমর্থিত প্রার্থী নুরুল হক। আর আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হয়েছেন স্থানীয় শাপলাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ওচমান সরওয়ার। তবে বিএনপি-সমর্থিত প্রার্থী হিসেবে সিরাজুল হক ও আমিনুল ইসলাম চৌধুরী মনোনয়নপত্র দাখিল করলেও পরে তাঁরা প্রত্যাহার করে নেন। এ ছাড়া বর্তমান চেয়ারম্যান আবদুল খালেক চৌধুরীও নির্বাচন করেন।
ভোটারদের সঙ্গে আলাপে জানা গেছে, ২০১১ সালের ২৪ ফেব্রুয়ারি, ২১ জুন ও চলতি বছরের ২৯ মে তিন দফায় ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করলেও উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কারণে অনুষ্ঠিত হয়নি। আর টানা ছয় বছর নির্বাচন না হওয়ার পেছনে বর্তমান চেয়ারম্যান আবদুুল খালেক চৌধুরী ভূমিকা রয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। ফলে নির্বাচন বন্ধের ইস্যুতে মাঠ হারালেন আবদুল খালেক চৌধুরী। আর দলীয় নেতা-কর্মীরা মাঠে কাজ না করায় জামায়াতের দুর্গ ভাঙতে পারেনি আওয়ামী লীগ।
আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মোহাম্মদ ওচমান সরওয়ার বলেন, ‘মাঠে দলীয় নেতা-কর্মীরা আমার পক্ষে কাজ করেননি। এ কারণে দলীয় প্রার্থীর ভরাডুবি হয়েছে।’
আবদুল খালেক চৌধুরী বলেন, ‘নির্বাচন না হওয়ার পেছনে আমার কোনো হাত ছিল না। এ ধরনের কথা ভোটাররা কখনো বলেননি। নির্বাচনের কয়েক দিন আগে জামায়াতের বহিরাগত কর্মীরা এসে ভোটারদের প্রভাবিত করায় আমি হেরেছি।’
উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মোহাম্মদ জাকের হোছাইন বলেন, এলাকাটি জামায়াতে ইসলামীর ঘাঁটি হিসেবে পরিচিত। এর প্রমাণ শাপলাপুর ইউপি নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগের স্থানীয় সাংসদ আশেকুল্লাহ রফিকসহ বেশ কয়েকজন জেলা নেতা এলাকায় এসে দল-সমর্থিত প্রার্থীর পক্ষে ভোট চেয়েছিলেন। এর পরও তাঁরা জামায়াতে ইসলামীর প্রার্থীর কাছে হেরে গেলেন। ইউপি নির্বাচনের দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোশাররেফ হোসেন জানান, ২২ নভেম্বর রাতে বেসরকারিভাবে ইউপি নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে নুরুল হক সাতহাজার ৩৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল খালেক চৌধুরী। তিনি পেয়েছেন তিন হাজার ৮১০ ভোট। এ ছাড়া তিনটি সংরক্ষিত ইউপি মহিলা সদস্যপদে দিলরুবা খানম, মনু আরা, হাসিনা বেগম এবং নয়টি সাধারণ ইউপি সদস্যপদে মোকতাদিন মামুন, আবদুুল সালাম, মোহাম্মদ সলিমুল্লাহ, মোহাম্মদ হোছাইন, মোহাম্মদ সাইদুল আলম, মোহাম্মদ জসিম উদ্দীন, মোহাম্মদ শাহ আলম, আনু মিয়া ও নুরুল আমিন জয়ী হন।