
রাজধানীর ফার্মগেট ফুটওভার ব্রিজে রাব্বি, শাওন, জান্নাতদের দলটির সঙ্গে পরিচয়। এই দলটির কেউ পড়ছেন বিশ্ববিদ্যালয়ে, কেউ আবার নিচ্ছেন বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার প্রস্তুতি। তবে এখন তাঁরা এক জোট। সবাই ব্রিজের দুই পাশে দাঁড়িয়েছে ছোট বাক্স হাতে। সেটির গায়ে লেখা ‘বন্যার্তদের জন্য সাহায্য করুন’। এই দলটির মতো যেকোনো প্রাকৃতিক দুর্যোগে দল বেঁধে এগিয়ে আসেন তরুণেরা। পাশে দাঁড়ান ক্ষতিগ্রস্তদের। তহবিল সংগ্রহ, ত্রাণ কেনা ও বিতরণের কাজ সবই করেন নিজেরা। কথা হলো, দেশের বিভিন্ন জেলায় বন্যার্তদের সহযোগিতায় কাজ করছে এমন কয়েকজন তরুণের সঙ্গে।

‘ভালোবাসি জামালপুর’ নামে একটি ফেসবুকভিত্তিক সংগঠনের সমন্বয়ক ফজলে রাব্বী বলেন, ‘সব সময় বিপদে মানুষের পাশে দাঁড়াতে চাই। আর নিজের জেলায় এমন ভয়াবহ বন্যা হয়েছে জেনে বসে থাকার উপায় ছিল না। তাই যুক্ত হয়ে গেলাম ত্রাণের এই উদ্যোগে।’ সংগঠনের সদস্যরা পরিচিত মানুষজন ছাড়াও ইন্টারনেটে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তহবিল সংগ্রহের কাজ করেছেন। তারপর পৌঁছে দিয়েছেন দুর্গত মানুষের হাতে।
অনেকেই আবার নিজেদের ক্যাম্পাসে দাঁড়িয়ে যাচ্ছেন সহায়তা তুলতে। হলে, ক্লাসে গিয়েও আহ্বান জানাচ্ছেন সহযোগিতার। তেমনি একটি সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘সৎসঙ্গ’। সংগঠনের সদস্যরা ত্রাণ নিয়ে হাজির হয়েছিলেন নীলফামারীর ডিমলা উপজেলায়। চিড়া, মুড়ির মতো শুকনো খাবার হাতে তুলে দিয়ে সেখানকার মানুষের পাশে দাঁড়িয়েছে এই তরুণ দল। ‘তাঁদেরই একজন কাঞ্জিলাল রায়কে জিজ্ঞেস করেছিলাম, তহবিল সংগ্রহের অভিজ্ঞতা সম্পর্কে। তিনি বলেন, ত্রাণের টাকা সংগ্রহ করেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে।’
অনেকে আবার জোট বেঁধে করছেন। যেমন বন্যার্তদের সহযোগিতা করতে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ভিত্তিক কয়েকটি ক্লাব জোট বেঁধেছে। ক্যাম্পাসে অর্থ সংগ্রহ করছে নিজেদের উদ্যোগে। দলটি ত্রাণসামগ্রীর পাশাপাশি প্রাথমিক চিকিৎসাসেবার ব্যবস্থা করেছে। ‘টুগেদার ফর হিউমিনিটি’ নামের এই উদ্যোগের সঙ্গে যুক্ত ও একটি বেসরকারি মেডিকেল কলেজের ছাত্র মঞ্জুর হোসাইন চৌধুরী বলেন, ‘নাগরিক হিসেবে দুর্যোগে এগিয়ে আসা আমাদেরও দায়িত্ব। তাই আমাদের এই উদ্যোগ।’ এই দলটি রংপুর, কুড়িগ্রাম, জামালপুরসহ কয়েকটি বন্যাদুর্গত জেলায় প্রতি শুক্রবার হাজির হচ্ছেন। চিকিৎসাসেবা দিতে নিজেদের শিক্ষক ও চিকিৎসক বড় ভাইদেরও যুক্ত করেছেন নিজেদের উদ্যোগের সঙ্গে। তাঁদের মতো রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সমানুপাতিকও একই উদ্যোগ নিয়েছে। শিক্ষার্থী রোকুনুজ্জামান বলেন, ‘আমাদের হাত শুধু রোবট আর দালানকোঠা বানানোর জন্যই নয়, মানবতার সেবায় বাড়িয়ে দেওয়ার জন্যও।’
শুধু বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশেই নয়, এই তরুণদেরই দেখা যায় তীব্র শীতের সময় শীতবস্ত্র নিয়ে শীতার্ত মানুষের পাশে, ঘূর্ণিঝড়ের পর ত্রাণ নিয়ে ছুটতে। যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ঝাঁপিয়ে পড়তে তরুণ দল যেন সদা প্রস্তুত।