দুর্গম এলাকায় ভ্রমণে পর্যটকদের নিরাপত্তা বাহিনীর পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের রুমা, থানচি, রোয়াংছড়ি, আলীকদম উপজেলা সদরের বাইরে পর্যটকদের ভ্রমণে যাওয়ার আগে উপজেলা প্রশাসন ও নিরাপত্তা বাহিনীকে অবহিত করার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। সম্প্রতি সংঘটিত কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে পর্যটকদের এ পরামর্শ দেওয়া হয়েছে বলে পুলিশ ও বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন।
পর্যটকদের এমন সতর্কতা অবলম্বনের বিষয়টি সম্প্রতি বান্দরবানের সাংবাদিকদের মুঠোফোনে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা। বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) বান্দরবান সেক্টরের অধিনায়ক কর্নেল ওয়ালিউর রহমান ৯ অক্টোবর মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কোনো বিধিনিষেধ আরোপ নয়, পর্যটকেরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে যে যার মতো করে আসবেন, ঘুরে বেড়াবেন। শুধু কিছু নিয়ম-শৃঙ্খলা মেনে চলার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ এলাকাগুলো দুর্গম এবং যেকোনো দুর্গম এলাকায় সব সময় নানা মাত্রার নিরাপত্তার ঝুঁকি থাকে।
বিজিবি ও পুলিশ কর্মকর্তারা জানান, গত ২৬ আগস্ট একটি বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী বড়মদকে বিজিবির ওপর হামলার পর পর্যটকদের সতর্ক করা হয়েছিল। হামলার ঘটনার পর চালানো অভিযানে সন্ত্রাসীরা আরও বেশি ক্ষুব্ধ হয়ে ওঠে। এ আশঙ্কার ভিত্তিতে সতর্কতামূলক পরামর্শ প্রদানের এক সপ্তাহের মধ্যে রুমা উপজেলা–সংলগ্ন বিলাইছড়ির বড়থলি থেকে সন্ত্রাসীরা দুই পর্যটক ও দুই পথপ্রদর্শককে (গাইড) অপহরণ করে এবং একই দিনে আট পর্যটকের সর্বস্ব ছিনিয়ে নিয়ে যায়। অপহৃত ওই চারজনের খোঁজ মেলেনি এখনো। রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, সীমান্তবর্তী দুর্গম স্থানে যেতে চাইলে সতর্কতা অবলম্বনের জন্য পরামর্শ দেওয়া হয়েছে। সতর্কতামূলক এ পরামর্শের মধ্যে-কোনো পর্যটককে উপজেলা সদরের বাইরে যাওয়ার আগে ভ্রমণ সংক্রান্ত বিস্তারিত উপজেলা প্রশাসন ও নিরাপত্তা বাহিনীকে অবহিত করা, প্রশাসনের নিবন্ধিত পথপ্রদর্শককে সঙ্গে নেওয়া, মুঠোফোনে সহজে যোগাযোগ করা যায় এমন স্থানে রাত যাপন করা, প্রয়োজনে কাছাকাছি অবস্থিত সেনাবাহিনী-বিজিবি-পুলিশ ক্যাম্পের সহযোগিতা নেওয়া, পাহাড়ের বাসিন্দাদের বিরক্তি উদ্রেক করে এমন কাজ না করা এবং প্রশাসন-নিরাপত্তা বাহিনীকে অবহিত করা স্থান ছাড়া অন্য কোথাও না যাওয়া।
বিজিবির বান্দরবানের সেক্টর অধিনায়ক কর্নেল ওয়ালিউর রহমান বলেছেন, পর্যটক চলাচল বন্ধ করা হয়নি। সতর্কতামূলক নিরাপত্তা ব্যবস্থা হিসেবে ভ্রমণে কিছু নিয়মকানুন মেনে চলার ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে। তিনি বলেন, বান্দরবানের অধিকাংশ সীমান্তে বিজিবির সীমান্তচৌকি ও ক্যাম্প নেই। জঙ্গলাকীর্ণ দুর্গম পাহাড়ি এলাকা বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক নজরদারিতে রাখা সম্ভব নয়। কোনো দুর্ঘটনা ঘটলে উদ্ধারে দ্রুত সাড়া দেওয়াও কঠিন। এ জন্য কিছু নিয়মকানুনের মধ্যে চলাচল করলে অনেক বিপদ থেকে রক্ষা পাওয়া যায়।