দুর্গম এলাকার শিক্ষার্থীদের জন্য ছাত্রাবাস হচ্ছে বান্দরবানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে শিক্ষাবঞ্চিত দুর্গম আদিবাসী সন্তানদের শিক্ষার আওতায় আনার লক্ষ্যে পাঁচটি সরকারি ছাত্রাবাস গড়ে তোলা হচ্ছে। প্রায় পৌনে নয় কোটি টাকা ব্যয়ে পাঁচ উপজেলা সদরে গত মার্চ থেকে ছাত্রাবাসগুলোর নির্মাণকাজ শুরু হয়েছে। বিচ্ছিন্নভাবে বসবাসরত দুর্গম এলাকার আদিবাসী ছেলেমেয়েদের পড়াশোনা নিশ্চিত করার লক্ষ্যে ছাত্রাবাস নির্মাণের জন্য এলাকাবাসী দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছিল। জানা গেছে, পার্বত্য অঞ্চলে বিশেষ করে বান্দরবানের যোগাযোগবিচ্ছিন্ন প্রত্যন্ত এলাকায় যেখানে জুমচাষিরা বাস করেন সেখানে সরকারি-বেসরকারি কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই। থানচি উপজেলার রেমাক্রি, তিন্দু, রুমার রেমাক্রি প্রাংসা, পাইন্দু, গালেংগ্যা, রোয়াংছড়ির আলেক্ষ্যং, তারাছা ইউনিয়ন ও আলীকদমের ক্রুকপাতাঝিরি ও পূয়ামুড়ি এলাকায় আদিবাসীরা ১৫-২০ পরিবারের ছোট ছোট পাড়ায় বাস করেন। এসব পাড়ার একটি থেকে অপরটির দূরত্ব তিন-চার কিলোমিটার। ফলে সেখানে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো তৈরি করে ছেলেমেয়েদের শিক্ষার আওতায় আনা সম্ভব হয় না। কোনো কোনো পাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রকল্পভিত্তিক শিক্ষা কর্মসূচির আওতায় বিদ্যালয় থাকলেও প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো বন্ধ হয়ে যায়। এসব বিদ্যালয়ের শিক্ষাকার্যক্রমে ধারাবাহিকতা না থাকায় ছেলেমেয়েরা প্রকৃত অর্থে শিক্ষাবঞ্চিত থাকছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) মো. এনামূল হক জানিয়েছেন, প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের (পিইডিপি-২) আওতায় থানচি, রুমা, রোয়াংছড়ি, বান্দরবান সদর ও লামা উপজেলায় পাঁচটি ছাত্রাবাস তৈরি করা হচ্ছে। আপাতত প্রতিটি ছাত্রাবাসে প্রাথমিক বিদ্যালয়ের ৮০ জন (৪০ ছাত্র ও ৪০ ছাত্রী) করে ৪০০ শিক্ষার্থী পড়াশোনা করবে। শুধু যোগাযোগবিচ্ছিন্ন দুর্গম এলাকায় যেখানে সরকারি-বেসরকারি কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই সে সব এলাকার দরিদ্র ছেলেমেয়েদের ছাত্রাবাসে ভর্তি করা হবে। জেলা বা উপজেলা সদরের এবং সরকারি-বেসরকারি কোনো প্রাথমিক বিদ্যালয়ের আওতাভুক্ত এলাকার (ক্যাশমেন্ট এরিয়া) কোনো ছেলেমেয়েকে এসব ছাত্রাবাসে ভর্তি করা হবে না। প্রাথমিক শিক্ষা বিভাগই এগুলো পরিচালনা করবে। ছাত্রাবাসগুলো চালু হলে দুর্গম ও পিছিয়ে পড়া এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষা উন্নয়নে আমূল পরিবর্তন আসবে বলেও মনে করেন ডিপিইও। জানা গেছে, মার্চ থেকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ছাত্রাবাসগুলোর নির্মাণকাজ শুরু করেছে। এলজিইডির নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল হোসেন জানান, প্রতিটি ছাত্রাবাসে এক কোটি ৭৩ লাখ টাকা হিসেবে পাঁচটিতে আট কোটি ৬৫ লাখ টাকা ব্যয় করা হচ্ছে। ছাত্রাবাসে সৌরবিদ্যুৎ স্থাপন, কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্র, বৃষ্টির পানি সংরক্ষণ করে সরবরাহের ব্যবস্থা থাকবে। নির্মাণকাজ আগামী বছরের জুন নাগাদ শেষ করার কথা। তবে নির্ধারিত সময়ের আগেই এগুলোর কাজ শেষ হবে বলে নির্বাহী প্রকৌশলী আশা প্রকাশ করেন।আদিবাসী নেতারা ছাত্রাবাস নির্মাণের সরকারি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। আদিবাসী নেতা রাংলাই ম্রো বলেছেন, ‘মেধা সম্পদ উন্নয়ন করা না গেলে আদিবাসী জনগোষ্ঠীর পক্ষে টিকে থাকা সম্ভব হবে না। এজন্য দুর্গম এলাকার প্রত্যেকটি ইউনিয়নে ছেলেমেয়েদের সংখ্যানুপাতে আবাসিক বিদ্যালয় হওয়া জরুরি।’