দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছাবে ট্রাকওয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ভূমিকম্প বা ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগে দুর্গম এলাকায় সড়ক যোগাযোগ প্রায়ই বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে সেখানে ত্রাণ পৌঁছানো অসম্ভব হয়ে পড়ে। এ সমস্যার সমাধান নিয়ে এসেছে একটি যান, নাম ‘ট্রাকওয়ে’ ট্রাক।
দুর্গম এলাকায় নিজের পথ তৈরি করে নেয় এই যান। এই ট্রাকের নকশা তৈরি করেছে যুক্তরাজ্যের কোম্পানি ফন ট্রাকওয়ে।
ফিতার মতো দেখতে অ্যালুমিনিয়ামের তৈরি এই পথ ট্রাকটিতে ঘুড়ির লাটাইয়ের মতো একটি অংেশ গোটানো থাকে। প্রয়োজন হলে ট্রাকটি ওই পথ বিছিয়ে নেয়। ঘুড়ির লাটাইয়ের মতো অংশটি ৯০ ডিগ্রি ঘুরিয়ে পুনরায় কার্পেটের মতো ওই পথ গুটিয়ে নিতে পারেন ট্রাকটির চালক।
পথটি একবার বিছানোর পর বহরের অন্য গাড়িগুলো সেটি দিয়ে এগোতে পারে। একবারে গাড়িটি মাত্র ছয় মিনিটে ৫০ মিটার দীর্ঘ অ্যালুমিনিয়ামের পথ তৈরি করতে পারে। এই পথ ৭০ মেট্রিক টন ওজনের গাড়ির ভার বইতে সক্ষম। পথটি তৈরির পর বহরের সব গাড়ি সেটি অতিক্রম করলে ট্রাকটি পুনরায় পথটি গুটিয়ে নেয়। দুর্গম এলাকায় ট্রাকটি এভাবেই গাড়িবহরকে এগিয়ে নিয়ে যেতে পারে।
ট্রাকওয়ে ট্রাকটি আংশিকভাবে ডুবে যাওয়া এলাকায়ও কাজ করতে পারে। এ কারণে বন্যা ও ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ সরবরাহের জন্য এটি আদর্শ। দুর্যোগের কারণে বিচ্ছিন্ন এলাকাগুলোতে জরুরি ত্রাণবাহী গাড়িকে সহজেই পৌঁছে দিতে পারে এই ট্রাক।
কোম্পানির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, এই ট্রাকওয়ে তৈরির প্রাথমিক কাজটি করে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বর্তমানে বিশ্বের ৩০টির বেশি সামরিক সংস্থা এই ট্রাকওয়ে ব্যবহার করছে। অতি সম্প্রতি দুর্গম এলাকায় এই ট্রাকওয়ে ট্রাককে মানবিক কর্মকাণ্ডে এবং ত্রাণ কার্যক্রমে ব্যবহার করা হচ্ছে।