দুর্গম এলাকায় থাকতে অনাগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকসংকটে ব্যাহত হচ্ছে নিয়মিত পাঠদান। প্রত্যন্ত ও দুর্গম এলাকার বেশির ভাগ শিক্ষক-শিক্ষিকা প্রেষণে জেলা শহরের আশপাশের বিদ্যালয়গুলোতে বছরের পর বছর ধরে থাকায় এ সংকট সৃষ্টি হয়েছে বলে প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা স্বীকার করেছেন। শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিক্ষকদের বদলিসংক্রান্ত শৃঙ্খলাবিধি না থাকায় প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ একশ্রেণীর শিক্ষক আজীবন জেলা শহরে চাকরি করে আসছেন। তাঁদের মাঝেমধ্যে বিশেষ কারণে দূরের বিদ্যালয়ে বদলি করা হলেও সেখানে যোগদান দেখিয়ে আবারও তাঁরা প্রেষণে জেলা শহর অথবা শহরতলির বিদ্যালয়গুলোতে চলে আসেন। আবার যাঁদের তদবির করার সুযোগ নেই, তাঁরা দুর্গম এলাকার বিদ্যালয়গুলোতে আজীবন পড়ে রয়েছেন। বদলিও ঘুরেফিরে ওই দুর্গম এলাকার বিদ্যালয়গুলোতে করা হয়। উপজেলা শিক্ষা কার্যালয় সূত্র জানায়, বান্দরবান সদর উপজেলায় ৪৬টি প্রাথমিক বিদ্যালয় আছে। এগুলোর মধ্যে জেলা শহরের আশপাশের ১০-১২টি বিদ্যালয়ে শিক্ষকেরা থাকতে আগ্রহী। নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা কার্যালয়ের কর্মকর্তারা জানান, জেলা শহরের বিদ্যালয়গুলোতে রাজনৈতিক দলগুলোর প্রভাবশালী নেতাদের ঘনিষ্ঠজনেরা সব সময় থাকেন। এর ফলে প্রত্যন্ত এলাকার বিদ্যালয়গুলোতে শিক্ষকসংকটে পাঠদান ব্যাহত হয়।রাজবিলা ইউনিয়নের হ্নারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ক্যজহ্লা মারমা জানান, বিদ্যালয়ে শিক্ষকের পদ আছে তিনটি। এর মধ্যে একজন শিক্ষিকা ২০০৫ সাল থেকে প্রেষণে রয়েছেন। তিনি বদলি না হয়ে পদ দখল করে থাকায় নতুন শিক্ষকও নিয়ে আসা যাচ্ছে না। এখন দুজন শিক্ষকের মধ্যে প্রধান শিক্ষক প্রায় সময় প্রশাসনিক কাজে বাইরে থাকায় মাত্র একজন শিক্ষকের পক্ষে শতাধিক ছেলেমেয়েকে পাঠদান করা কোনোমতেই সম্ভব হয় না। তিনি বলেন, কর্তৃপক্ষের কাছে প্রেষণে থাকা শিক্ষিকার প্রেষণ বাতিল করে তাঁকে নিয়ে আসা ছাড়াও আরও একজন শিক্ষকের জন্য বারবার আবেদন করা হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।জানা যায়, বর্তমানে বালাঘাটা, কালাঘাটা ও রেইশা থলিপাড়া বিদ্যালয়ে বেশি শিক্ষক প্রেষণে রয়েছেন। সুয়ালক ইউনিয়নের কদুরখোলা বিদ্যালয়ের চার শিক্ষকের মধ্যে প্রেষণে থাকা দুজনের প্রেষণ বাতিল না করে সেখানে দুর্গম এলাকা থেকে আরেকজনকে প্রেষণে বদলি করে নিয়োগ দেওয়া হয়েছে। এভাবে দূরের পাড়া-গ্রামের প্রায় ২০টি প্রাথমিক বিদ্যালয়ের ২১ জন শিক্ষক জেলা শহর ও শহরতলির বিদ্যালয়গুলোতে প্রেষণে নিয়োজিত রয়েছেন।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবীর আহমদ বেশিসংখ্যক শিক্ষক প্রেষণে থাকায় শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে স্বীকার করে বলেন, ‘তিন ও চারজন শিক্ষক থাকা বিদ্যালয়গুলোতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ জন্য অবিলম্বে প্রেষণে থাকা শিক্ষকদের প্রেষণ বাতিলের জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে চিঠি লিখেছি।’জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) নাসরিন সুলতানা বলেন, প্রাথমিক শিক্ষা বিভাগ জেলা পরিষদে ন্যস্ত হওয়ায় বিষয়টি তাঁদের জানানো হয়েছে। অবিলম্বে প্রেষণ বাতিল করে শিক্ষকদের নিজ নিজ বিদ্যালয়ে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হবে বলে তিনি জানান।