দুর্গম গ্রামের প্রথম শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষাটের দশকের কথা। কাপ্তাই বাঁধের কারণে ভিটেবাড়ি হারিয়ে নবম শ্রেণীতেই লেখাপড়া বন্ধ করতে হয়েছিল দয়া রঞ্জন চাকমাকে। এক আত্মীয়ের ডাকে চলে এসেছিলেন খাগড়াছড়ির দীঘিনালার সুধীর মেম্বারপাড়া গ্রামে। দুর্গম এই গ্রামে তখন কোনো বিদ্যালয় ছিল না। তাই লেখাপড়া শেষ করতে না পারার কষ্টটা লাঘব করার সুযোগ পেলেন তিনি। ঠিক করলেন বিদ্যালয় প্রতিষ্ঠা করে গ্রামের নিরক্ষরতা দূর করবেন।শুরুতে সুধীর মেম্বারপাড়া গ্রামের বাড়ি বাড়ি গিয়ে শিশুদের অক্ষরজ্ঞান দিতেন দয়া রঞ্জন। কয়েক বছর পর ১৯৬৫ সালে গ্রামবাসীর প্রচেষ্টায় শণ ও বাঁশের বেড়া দিয়ে নির্মাণ করেন স্বপ্নের বিদ্যালয়। নাম রাখা হয় সুধীর মেম্বারপাড়া প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের শিক্ষক বলতে কেবল তিনিই। কোনো বেতন-ভাতা নেই। অনেক চেষ্টা ও তদবিরের পর ১৯৬৯ সালে সরকারীকরণ হয় বিদ্যালয়টির। দয়া রঞ্জন চাকমাও হয়ে গেলেন সরকারি শিক্ষক। দীর্ঘ ৪২ বছর এ বিদ্যালয়েই শিক্ষকতা শেষ করে ২০০৭ সালের ২ জুন অবসর নেন।নিবেদিতপ্রাণ এই শিক্ষককে সরকার অবসর দিলেও অবসর নেননি তিনি। এখনো নিয়মিত বিদ্যালয়ে যান। পাঠদানের তদারক করেন। তাঁর শিক্ষার্থীরাই আজ এই বিদ্যালয়ের শিক্ষক। ষাটের দশকে এই গ্রামে এসে থেকে গেছেন বিদ্যালয়টির কারণেই। বিদ্যালয়ের পেছনে গড়ে তুলেছেন বসতবাড়ি।দয়া রঞ্জন চাকমা জানান, ‘এই বিদ্যালয়টি এখন আমার বেঁচে থাকার প্রেরণা। ভাবতে ভালো লাগে, আমার শিক্ষার্থীরাই এখন আমার প্রতিষ্ঠিত বিদ্যালয়ের শিক্ষক। আরেকটি বিষয় আমাকে আনন্দ দেয়, তা হলো আমার শিক্ষার্থীরা একমাত্র কাস্টমস বিভাগ ছাড়া আর সব অধিদপ্তরেই আছে। একজন শিক্ষকের কাছে এর চেয়ে বেশি আনন্দের আর কী হতে পারে!’ মাঝে কেবল একবার ১৯৮৬ সালে বিদ্যালয়ের সঙ্গে বিচ্ছেদ ঘটেছিল তাঁর। পার্বত্য চট্টগ্রামে বিরাজমান পরিস্থিতির কারণে সে সময় প্রাণের বিদ্যালয় ছেড়ে ভারতে শরণার্থী হয়েছিলেন। পরে ১৯৯৮ সালে দেশে ফিরে যোগ দেন নিজের প্রতিষ্ঠিত বিদ্যালয়ে। নিবেদিতপ্রাণ শিক্ষক দয়া রঞ্জন চাকমার শিক্ষার্থীদের মধ্যে অন্যতম ছাত্র খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনীন্দ্র লাল ত্রিপুরা। তিনি বলেন, ‘দয়া স্যার আমাদের সব সময় ন্যায়নীতির শিক্ষা দিয়েছেন। স্যারের প্রতি শ্রদ্ধাবোধ সারা জীবনই থাকবে।’ সুধীর মেম্বারপাড়ার বাসিন্দা কুমুদ বিকাশ রোয়াজা বলেন, ‘স্যার শুধুু গ্রামের মানুষের জন্য দিয়েই গেছেন; বিনিময়ে নেননি কিছুই। গ্রামের প্রতিটি ঘরে তাঁর শিক্ষার্থী আছে। এই গ্রামকে তিনিই আলোকিত করেছেন।’ যত দিন বাঁচবেন, এই বিদ্যালয় নিয়েই থাকতে চান দয়া রঞ্জন। তিনি বলেন, ‘গ্রামের মানুষের মাঝে কতটুকু শিক্ষার আলো ছড়াতে পেরেছি, জানি না। তবে মানুষ আমাকে যে শ্রদ্ধা ও সম্মান করে, তাতেই প্রাণ জুড়িয়ে যায়। কাপ্তাই বাঁধ আমার জায়গা-জমি কেড়ে নিলেও সুধীর মেম্বারপাড়া আমাকে সবই দিয়েছে। সারা জীবন শিক্ষার জন্য কাজ করে যাব। গ্রামের বহু মানুষ বিদ্যালয় প্রতিষ্ঠায় সাহায্য করেছেন। তাঁদের ঋণ ভোলার নয়। বিশেষ করে, প্রয়াত মেম্বার সুধীর ত্রিপুরার সাহায্য না পেলে এই বিদ্যালয় প্রতিষ্ঠা করা সম্ভব হতো না।’