দুর্গম গ্রামের মানুষের সহায় ওরা ১১ জন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীছড়ি ও নাড়াইছড়ি বনের পাশে থলছড়া গ্রাম। গ্রামে ৩০ থেকে ৩৫টি পরিবারের বসবাস। সংরক্ষিত বনে থাকে আরও কয়েক শ পরিবার। নীরব, নির্জন এই স্থানটি হঠাৎই যেন কোলাহলমুখর হয়ে উঠল। এলাকার গঙ্গারাম নদীর তীরে একদল তরুণ চিকিৎসা ক্যাম্প করেছেন, এই সংবাদ শুনে নদীতীরে জড়ো হয়েছিল গ্রামের বাসিন্দারা।
গত ২৫ সেপ্টেম্বর দুপুরের চিত্র এটি। থলছড়া গ্রামের নানা বয়সী মানুষকে চিকিৎসাসেবা দিচ্ছিল তরুণদের দল। বাঘাইছড়ি উপজেলা সদর থেকে দেড় দিন নৌকায় পাড়ি দিয়ে থলছড়া এসেছে তারা। দলের ১১ জন সদস্য পরস্পরের বন্ধু। তাঁদের সবাই বাঘাইছড়ি সদর উপজেলার বাবুপাড়া গ্রামের বাসিন্দা। দলে একজন চিকিৎসক ও একজন ফার্মাসিস্ট ছিলেন চিকিৎসাসেবার দায়িত্বে। বাকিরা কাজ করেছেন স্বেচ্ছাসেবক হিসেবে।
গত ২৪ সেপ্টেম্বর তরুণদের দলটি রওনা দেয় থলছড়া গ্রামের পথে। সঙ্গে ছিল প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম। ঈদের ছুটিতে বাড়ি এসে দুর্গম গ্রামের মানুষদের কাছে চিকিৎসা সহায়তা পৌঁছে দিতেই তাদের এই উদ্যোগ। ১১ তরুণের এই দলের সঙ্গে তিন দিন অবস্থান করে দেখা হলো চিকিৎসা ক্যাম্পের খুঁটিনাটি। ২৪ সেপ্টেম্বর বিকেল থেকেই গঙ্গরাম নদীর তীরের বিভিন্ন জনপদে শুরু হয় এই সেবার কার্যক্রম। তিন দিনে পাঁচটি গ্রামের প্রায় তিন শ মানুষ চিকিৎসাসেবা নিয়েছে তাদের কাছ থেকে।
২৫ সেপ্টেম্বর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত থলছড়া একটানা চলেছে চিকিৎসা ক্যাম্প। জ্বর, ব্যথা-বেদনা, ম্যালেরিয়া, চর্মরোগসহ নানা রোগে আক্রান্ত গ্রামবাসীরা এসেছিল সেবার জন্য। রোগ নির্ণয়ের পর চিকিৎসক সর্বদর্শী চাকমা প্রত্যেকের হাতে ওষুধও তুলে দিয়েছেন। এলাকার লোকজন জানান, আশপাশে প্রায় শত কিলোমিটারের মধ্যে কোনো হাসপাতাল নেই। চলাচলের একমাত্র পথ গঙ্গারাম নদী। এমনকি দুর্গম এই এলাকায় নেই সরকারের টিকা কার্যক্রমও।
থলছড়া গ্রামের ধনবি চাকমা এসেছিলেন সন্তানের চিকিৎসার জন্য। তিনি বলেন, তাঁর ছেলে তিন বছরের নয়ন চাকমা গত পাঁচ দিন ধরে জ্বরে ভুগছে। চিকিৎসা ক্যাম্পের কথা জানতে পেরে এই মা তাঁর সন্তানকে কাঁধে নিয়ে গঙ্গারাম নদী সাঁতরে এসেছেন সন্তানের সুস্থতার আশায়। ছেলের জন্য ওষুধ পেয়ে তিনি খুব খুশি বলে জানালেন।
চিকিৎসক সর্বদর্শী চাকমা ছাড়াও এই দলের অন্য সদস্যরা হলেন কান্তি চাকমা, মিথেন চাকমা, সিকু চাকমা, রিপন চাকমা, জয়েস চাকমা, সাধন বিকাশ চাকমা, জনি চাকমা, হোমার চাকমা, নিকেল চাকমা ও রাসেল চাকমা। এঁদের সহযোগিতা করেছেন ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নতুন জয় চাকমা।
থলছড়া গ্রাম ছাড়াও গঙ্গারাম নদীর তীরের ডুলুছড়ি, চামুকছড়ি, দোজরী, উগলছড়ি ও আলম ডিপু গ্রামেও চিকিৎসাসেবা দিয়েছে তরুণদের দল।
দলের সদস্যরা জানান, সাজেক ইউনিয়নসহ বাঘাইছড়ির সংরক্ষিত বনে কমপক্ষে ১০ হাজার পরিবার বাস করে। যুগ যুগ ধরে তারা নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। বনের লতা-পাতাই একমাত্র ভরসা। সে জন্য চিকিৎসাসেবা থেকে বঞ্চিতদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়। দলের সদস্যদের চাঁদায় পরিচালিত হচ্ছে এই চিকিৎসা ক্যাম্প।
বাঘাইছড়ি পৌরসভার কাউন্সিলর ও তরুণদের দলনেতা কান্তি চাকমা বলেন, ‘আমরা ১১ জন বন্ধু সবাই কোনো না কোনো পেশায় জড়িত। দলের সদস্যরা প্রতিবছর পবিত্র ঈদুল আজহার ছুটিতে বাড়ি আসি। অন্যান্য বছর সবাই বিভিন্ন বিনোদনকেন্দ্রে বেড়াতে যাই। এ বছর একটু ভিন্ন চিন্তা করলাম। যারা সবচেয়ে অবহেলিত ও দুর্গম এলাকায় বাস করে, তাদের পাশে দাঁড়ানোর জন্য চিকিৎসা ক্যাম্প করার কথা ভাবলাম। প্রত্যেকের কাছ থেকে দেড় হাজার টাকা করে চাঁদা নিয়ে ওষুধ কেনা হলো। প্রথমবারের মতো আমরা এমন ক্যাম্পের আয়োজন করেছি। ভবিষ্যতে আরও বড় পরিসরে স্বেচ্ছাসেবামূলক কাজ করার ইচ্ছা আছে।’
দলের চিকিৎসক সর্বদর্শী চাকমা বলেন, যারা চিকিৎসা নিতে আসছে, তারা বেশির ভাগ অপুষ্টি, পেপটিক আলসার, বাতরোগ, পেটের পীড়া ও চর্মরোগে ভুগছে। পুষ্টিহীনতার কারণে শিশুদের স্বাস্থ্য ভেঙে পড়েছে। এখানকার কোনো শিশু টিকা পায় না। এ ছাড়া প্রসূতি নারীরাও পুষ্টিহীনতায় ভুগছেন।