খাগড়াছড়ির দীঘিনালার তিন নম্বর কবাখালী ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের দজরপাড়া, নলকাটা ও শিববাড়ী নামের দুর্গম তিনটি গ্রামে এক শ ২০টি আদিবাসী পরিবারের বসবাস। গ্রামে কোনো সড়ক নেই। পাহাড়ি মেঠো পথেই যাতায়াত করে আদিবাসী মানুষগুলো। বর্ষা মৌসুমে তাঁদের দুর্ভোগের সীমা থাকে না। পাবলাখালী নামে একটি ছড়া এই তিন গ্রামের মানুষকে বিচ্ছিন্ন করে রেখেছিল। বর্ষায় সেই ছড়ায় প্রবল স্রোত। সেটি পার হওয়া যায় না। গ্রামবাসীদের আবেদনের পরিপ্রেক্ষিতে পাবলাখালী ছড়ায় একটি কাঠের সেতু নির্মাণ করে দিয়েছে দীঘিনালা সেনা তেজস্বী বীর। ১৬ আগস্ট সেতুটি তিন গ্রামের মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করেন সেনা তেজস্বী বীরের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোশারফ হুসেন। দজরপাড়া গ্রামের প্রতিবন্ধী অশোক কুমার চাকমা বলেন, পাবলাখালী ছড়ায় সেতু না থাকায় এতদিন আমরা বৃষ্টি হলে গ্রাম থেকে কোনো স্থানে যেতে পারতাম না। গ্রামের সুফলা চাকমা, মেনেকা দেবী চাকমা, নোনা চাকমা ও মঙ্গল চন্দ্র চাকমা বলেন, ‘আমাদের দীর্ঘদিনের একটি স্বপ্ন পূরণ করেছে সেনাবাহিনী। আমাদের গ্রামে কোনো স্বাস্থ্যকর্মী আসেন না, আমরা দূরের গ্রাম কৃপাপুর গিয়ে টিকা দিয়ে আসি। বর্ষাকালে ছড়ায় পানি বেশি ও স্রোতের কারণে আমরা যেতে পারি না। এখন আর আমাদের অসুবিধা হবে না। তবে সেতুটি ভবিষ্যতে পাকা করে দিলে আরও ভালো হয়। দজরপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরুণ চাকমা বলেন, ‘গ্রামের মানুষের সমস্যার শেষ নেই। বড় সমস্যা হচ্ছে যোগাযোগ। রাস্তা নেই, জমিরপাড় ও পাহাড়ের কোল ঘেঁষে পায়ে হেঁটে যাতায়াত করতে হয়। তবে সমস্যা ছিল পাবলাখালী ছড়া। সেখানে এতদিন সেতু না থাকায় ছড়া পার হওয়া যেত না। এখন সেই সমস্যাটি দূর হয়েছে।’ দীঘিনালা সেনা তেজস্বী বীরের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোশারফ হুসেন জানান, গ্রামবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে মেজর মাহবুবুর রহমান খানের নেতৃত্বে সেনাবাহিনী সেতুটি নির্মাণ করে। এখানে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। গ্রাম তিনটির উন্নয়নে সেনাবাহিনীর সহযোগিতা অব্যাহত থাকবে।