দুর্গম দ্বীপে প্রসূতিসেবা
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলা সদর থেকে ৩৫ কিলোমিটার দূরে মাতারবাড়ি ইউনিয়নে মূল ভূখণ্ড থেকে একরকম বিচ্ছিন্ন। দুর্গম এই এলাকার প্রসূতি রোগীদের কিছুকাল আগেও ছুটতে হতো চকরিয়া কিংবা কক্সবাজারের হাসপাতালগুলোয়। কিন্তু এখন প্রসূতি রোগীরা ইউনিয়নের মনহাজীরপাড়ায় অবস্থিত কমিউনিটি ক্লিনিকে বিনা মূল্যে সেবা পাচ্ছেন।
গত জুন ও জুলাই মাসে এই ক্লিনিকে প্রসূতি নারীরা ৪৭টি সন্তান প্রসব করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সূত্রে জানা যায়, বর্তমান সরকারের ইউনিয়ন পর্যায়ে সম্প্রসারিত স্বাস্থ্যসেবা প্রকল্পের আওতায় চলছে এই কার্যক্রম। প্রতি উপজেলায় ইউনিয়ন পর্যায়ে স্থাপিত কমিউনিটি ক্লিনিকগুলোর একটিতে দেওয়া হচ্ছে এই সেবা। বর্তমানে মহেশখালী উপজেলার ২৭টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে পিছিয়ে পড়া মাতারবাড়ি ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকেই এই সেবা চালু হয়েছে। উল্লেখ্য, মহেশখালী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রেও প্রসূতিসেবা চালু নেই। সেদিক থেকে গোটা মহেশখালী দ্বীপের বাসিন্দাদের জন্য এটিই একমাত্র প্রসূতি সেবাকেন্দ্র।
মাতারবাড়ির মনহাজীরপাড়া কমিউনিটি ক্লিনিকে গত মে মাস থেকে স্বাভাবিক প্রসূতিসেবা কার্যক্রম চালু হয়। এ জন্য ওই ক্লিনিকে আলাদা একটি কক্ষও নির্মাণ করা হয়। প্রয়োজনীয় চিকিৎসার সরঞ্জাম ও ওষুধপথ্য–সংবলিত এই কেন্দ্র খোলা থাকে ২৪ ঘণ্টা। স্থানীয় পরিবারকল্যাণ সহকারী সুলতানা বেগম এই ক্লিনিকে প্রসূতিসেবা দিচ্ছেন। তাঁর সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) রুমি রানী দে। স্বাভাবিক প্রসবগুলো এই স্বাস্থ্যকেন্দ্রেই হয়। শল্য চিকিৎসার প্রয়োজন হলে রোগীকে কক্সবাজার কিংবা চকরিয়ায় পাঠিয়ে দেওয়া হয়।
প্রসূতিসেবা পেয়ে মাতারবাড়ি ইউনিয়ন ও আশপাশের এলাকার মানুষজন ভীষণ খুশি। মাতারবাড়ির উত্তর সিকদারপাড়ার বাসিন্দা মোহাম্মদ শাহেদ জানান তাঁর অভিজ্ঞতার কথা।
গত ২৮ জুলাই রাত সাড়ে তিনটায় তাঁর স্ত্রী হুমায়ারা বেগমের প্রসববেদনা শুরু হয়। এরপর তিনি দুই কিলোমিটার দূরে অবস্থিত মনহাজীরপাড়া কমিউনিটি ক্লিনিকে নিয়ে যান হুমায়ারাকে। পরে ভোর সাড়ে পাঁচটায় ক্লিনিকে স্বাভাবিকভাবে ছেলেসন্তান প্রসব করেন হুমায়ারা। শাহেদ বলেন, ‘এই ক্লিনিক না থাকলে সন্তান প্রসব করাতে ১৫-২০ হাজার টাকা খরচ হতো। এখন এক টাকাও লাগেনি আমাদের। সবকিছুই হয়েছে ভালোভাবে।’
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সূত্রে জানা গেছে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গ্রামাঞ্চলের জনগণকে স্বাস্থসেবা পৌঁছে দেওয়ার জন্য কমিউনিটি ক্লিনিকগুলো চালু করে। এর আগেও ১৯৯৭ সালে একবার আওয়ামী লীগ সরকার কমিউনিটি ক্লিনিক চালু করেছিল। বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার ক্লিনিকগুলো বন্ধ করে দেয়। ২০০৯ সালে বর্তমান সরকার আবারও এই সেবা চালু করে।
মহেশখালীতে ইতিমধ্যে ২৭টি কমিউনিটি ক্লিনিক স্থাপিত হয়েছে। আরও তিনটি নির্মাণাধীন রয়েছে। এসব ক্লিনিকের মধ্যে কেবল মাতারবাড়ির ইউনিয়ন কেন্দ্রেই চালু রয়েছে প্রসূতিসেবা।
মাতারবাড়ি পরিবার পরিকল্পনা পরিদর্শক অছিউর রহমান বলেন, এই ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকে প্রসূতিসেবা কার্যক্রম চালু হওয়ায় রোগীদের চকরিয়া বা কক্সবাজার গিয়ে অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে না। প্রসূতি মায়েরাও ভোগান্তির হাত থেকে রক্ষা পেয়েছেন।
ক্লিনিকে প্রসবসেবায় নিয়োজিত পরিবারকল্যাণ সহকারী সুলতানা বেগম বলেন, স্বাভাবিক প্রসব হবে এমন রোগীদের এখানেই সেবা দেওয়া হয়। আর জটিল রোগীদের পাঠানো হয় চকরিয়ায়।
এ প্রসঙ্গে মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুচিন্তা চৌধুরী বলেন, দুর্গম এলাকা হওয়ায় উপজেলার এই ইউনিয়নে প্রসূতিসেবা দেওয়া হচ্ছে। এতে ওই এলাকার দরিদ্র প্রসূতি নারীরা বিনা মূল্যে সেবা পাচ্ছেন।