‘দুর্গম পথ পাড়ি দিতেও আমরা ভয় পাইনি’

ব্র্যাক ইউনিভার্সিটির ভ্রমণপ্রেমী শিক্ষার্থীরা মিলে গড়ে তুলেছেন ‘ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাডভেঞ্চার ক্লাব’। কীভাবে দেশের নানা প্রান্তে ছুটে বেড়ান তাঁরা, জানালেন ক্লাবের সহসভাপতি মাশরুর করিম।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাডভেঞ্চার ক্লাবের সদস্যরা
ছবি: সংগৃহীত

‘ভ্রমণের জন্য বিনিয়োগ মানে নিজের জন্য বিনিয়োগ’—বিখ্যাত ট্রাভেল ব্লগার ম্যাথু কার্স্টেনের উক্তিটি আমরা মন থেকে বিশ্বাস করি। টম সয়্যার, মার্কো পোলো কিংবা গালিভারের অ্যাডভেঞ্চারের গল্পগুলো পড়ে বাংলাদেশের ছেলেমেয়েরা বড় হয় ঠিকই, কিন্তু বিভিন্ন সামাজিক ও পারিবারিক নিয়মকানুনের বেড়াজালে তেমন স্বপ্ন দেখার সাহস আর তাদের হয় না। তাই আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্তত হুমায়ূন আহমেদের দারুচিনি দ্বীপ-এর একটা চরিত্র হয়ে উঠতে চায়। তবু যদি কিছুটা অ্যাডভেঞ্চারের স্বাদ পাওয়া যায়!

২০১০ সালে ব্র্যাক ইউনিভার্সিটির ভ্রমণপ্রেমী শিক্ষার্থীরা মিলে গড়ে তুলেছিল ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাডভেঞ্চার ক্লাব। রোমাঞ্চকর সব অভিজ্ঞতার ভেতর দিয়ে আমরা পার করেছি ১১ বছর। এই দীর্ঘ যাত্রায় অনেক দুর্গম পথ পাড়ি দিতেও আমরা ভয় পাইনি। পাহাড়, নদী, সাগর, ঝরনা, অরণ্যে ঘেরা অদ্ভুত সুন্দর দেশটা আমরা চষে বেড়িয়েছি দল বেঁধে। চোখজুড়ানো সৌন্দর্য দেখে বিস্মিত হয়েছি প্রতিবার।

২০১৭ সালে আমাদের গন্তব্য ছিল টাঙ্গুয়ার হাওর, সুন্দরবন ও নাপিত্তাছড়া। ২০১৮ সালে খাগড়াছড়ি, বিলাইছড়ি, দুপ্পানি, সাতছড়ির মতো অনন্য নিদর্শনসমৃদ্ধ জায়গাগুলোতে আমরা গিয়েছি। ২০১৯ সালও ছিল অ্যাডভেঞ্চারপূর্ণ। সে বছর আমরা ঘুরে এসেছি কেওক্রাডংয়ের চূড়া, নাফাখুম, সীতাকুণ্ড, হবিগঞ্জ, লাউয়াছড়া ও কমলদহ। ২০২০ সালে হঠাৎই একটা ধাক্কা লাগল। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়—সবই যখন বিশেষ পরিস্থিতিতে বন্ধ, ক্লাবের সদস্যরাও চলে যায় যে যার বাড়ি, তাই থেমে গিয়েছিল আমাদের ভ্রমণ কার্যক্রমও।

পাহাড়, সমুদ্র কিংবা অরণ্যের ডাকে সাড়া দিতে না পেরে আমরাও যেন একটু খেই হারিয়ে ফেলছিলাম। তবু এই ডিজিটাল যুগে ক্লাবের সবাইকে যতটা সম্ভব উদ্দীপ্ত রাখতে চেষ্টা চালিয়ে গিয়েছি। ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে বিভিন্ন অনলাইন অনুষ্ঠান, সারপ্রাইজিং লাইভ, কুইজ প্রতিযোগিতা ও ভ্রমণের অভিজ্ঞতার গল্প লেখা প্রতিযোগিতা। সবচেয়ে বেশি আকর্ষণীয় ছিল আমাদের ‘ওমেন ইন অ্যাডভেঞ্চার’ আয়োজনটি। বিভিন্ন প্রতিকূল পরিবেশ, পরিস্থিতির মধ্য দিয়েও এগিয়ে যাওয়া কাজী আসমা আজমেরী, প্রিয়তা ইফতেখার, হিবা সারাফুদ্দীন, মালিহা ফাইরুজদের মতো ভ্রমণপ্রেমী নারীরা আমাদের অনুপ্রাণিত করেছেন। করোনাকালের বন্দী পরিস্থিতিতে আমরা বিভিন্ন লাইভে অতিথি হিসেবে তাঁদের আমন্ত্রণ জানিয়েছি। শুনেছি তাঁদের অভিজ্ঞতা, গল্প।

করোনাকালের এই লাইভ অনুষ্ঠানগুলোতে আমাদের অভিভাবকদের উপস্থিতি সবচেয়ে বড় অর্জন। সব সময় তো নিজেরাই ঘুরে বেড়াই, নিজেরা আড্ডা দিই। করোনাকালের অনলাইন আড্ডায় অভিভাবকেরাও অংশ নিয়েছেন, আমরা তাঁদের কথা শুনেছি।

‘দেখা হয় নাই চক্ষু মেলিয়া/ ঘর হতে শুধু দুই পা ফেলিয়া/ একটি ধানের শিষের উপরে/ একটি শিশিরবিন্দু’—রবীন্দ্রনাথ ঠাকুরের এ পঙ্‌ক্তি আমরা সত্য হতে দিতে চাই না। জীবনে আক্ষেপ রাখতে চাই না। করোনা সারা পৃথিবীর জন্যই একটি উদ্বেগজনক দুর্যোগ। তবু আশায় বুক বাঁধি, আগামী দিনগুলো হবে মুক্ত মানুষের, পৃথিবীজোড়া অবাধ ভ্রমণ যাঁদের স্বপ্ন।