দুর্গম পাহাড়ে চলচ্চিত্রের কারিগর

তামাক গিলে খাচ্ছে ফসলের খেত। সাময়িক লাভ হলেও স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকির মুখে পড়ছেন আদিবাসী কৃষকেরা। সহজ–সরল এসব মানুষকে সচেতন করতে এগিয়ে এলেন একজন। সম্বল একটা সাধারণ সনি ভিডিও ক্যামেরা। তৈরি করলেন তামাকের ক্ষতিকর দিক নিয়ে তথ্যচিত্র। কমপ্যাক্ট ডিস্কের (সিডি) মাধ্যমে চলচ্চিত্রটি ছড়িয়ে পড়ল গ্রামে গ্রামে।
খাগড়াছড়ি জেলার দীঘিনালার বাসিন্দা জ্ঞান কীর্তি চাকমা চলচ্চিত্র দিয়েই বদলাতে চান সমাজ। দুর্গম পাহাড়ি এলাকায় একটি কম্পিউটার, ক্যমেরাসহ টুকটাক যন্ত্রপাতিই তাঁর সম্বল। তবু থেমে থাকেননি তিনি। গঠন করেছেন জুম্ম ফিল্ম অ্যাসোসিয়েশন। এ পর্যন্ত পাঁচটি কাহিনিচিত্র ও দুটি সংগীতচিত্র (মিউজিক ভিডিও) নির্মাণ করেছেন।
২০১০ সালে তামাকের আগ্রাসন নিয়ে নির্মিত চলচ্চিত্রটির নাম ছিল সাত গাং সাজুরি বাক্কো এজের আহ গরি, অর্থাৎ ‘সাত সমুদ্র পাড়ি দিয়ে বাঘ আসছে হা করে’। পরিচালনার পাশাপাশি প্রামাণ্যচিত্রটির চিত্রনাট্যও লিখেছেন তিনি। এর আগেও তাঁর নির্মিত কাহিনিচিত্র সিডি আকারে বাজারে এসেছে। সব মিলিয়ে অভিজ্ঞতা কম নয়। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জ্ঞান কীর্তি ২০১১ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠা করে জুম্ম ফিল্ম অ্যাসোসিয়েশন। এলাকার তরুণেরা এই সংগঠনের সদস্যও হচ্ছেন। কেবল চলচ্চিত্র নির্মাণ নয়; নাটক, গান ও আবৃত্তিচর্চাও করছেন তাঁরা।
দীঘিনালার উদালবাগান এলাকায় এক কক্ষের একটি ভাড়া বাড়িতে চলছে জুম্ম ফিল্ম অ্যাসোসিয়েশনের কর্মকাণ্ড। পাকা ঘর, ওপরে টিনের ছাউনি। ঘরের এক কোণে কম্পিউটার, ক্যামেরাসহ নানা জিনিস। মেঝেতে বসে একজন শিল্পীকে গানের তালিম দিচ্ছিলেন জ্ঞান কীর্তি।
কয়েক দিনের মধ্যে ওই শিল্পীর সংগীতচিত্র ধারণ করা হবে—চলছিল তারই প্রস্তুতি। সম্প্রতি সংগঠনের কার্যালয়ে গিয়ে এমন চিত্র দেখা যায়।
জ্ঞান কীর্তি জানান, ‘সংস্কৃতি শুধু শোকেসে রাখার অলংকার নয়, জাতীয় মূল্যবোধের হাতিয়ার’—এই স্লোগান নিয়ে যাত্রা শুরু জুম্ম ফিল্ম অ্যাসোসিয়েশনের। কেবল চলচ্চিত্র নয়, সংস্কৃতি অঙ্গনের সব দিক নিয়েই কাজ করেন তাঁরা। সংগঠনের সঙ্গে যুক্ত কয়েক শ তরুণ–তরুণী গান, নাটক ও নাচের চর্চা করছেন। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তাঁরা বেশ কয়েকটি মঞ্চনাটকও পরিবেশন করেছেন।
জ্ঞান কীর্তি বলেন, ‘পাহাড়ের ১১টি আদিবাসী গোষ্ঠীর ভাষা সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করতে চাই আমরা। এ অঞ্চলের মানুষের জীবনের বৈচিত্র্য চলচ্চিত্রের অনন্য উপাদান। আমরা নিজেদের অল্প সামর্থ্য নিয়ে এসব তুলে ধরতে চাই।’
জুম্ম ফিল্ম অ্যাসোসিয়েশনের সহসভাপতি সমর বিকাশ চাকমা জানান, জ্ঞান কীর্তির পরিচালনায় ২০০০ সালে ভাঙি ন পারে বুগর স্ববন, ২০০২ সালে মানিক্যা বৈদ্যর দারু তালিকা, ২০০৪ সালে তুজিম পুরো কোচপানা, ২০০৬ সালে চোগে পহর, ২০১১ সালে আহভিলেজ ও ২০১২ হেলাফেলা নামে টেলিফিল্ম সিডি আকারে বাজারে বের হয়েছে। ২০০৫ সালে কোচপানা পরানি ও ২০১১ সালে এ জঙর তোমা ইদু নামে দুটি সংগীতচিত্র বের হয়েছে।