দুর্গম পাহাড়ের শিক্ষার্থীদের মাঝে রাঙামাটির জেলা প্রশাসকের পোশাক বিতরণ

রাঙামাটির জুরাছড়ি উপজেলার দুর্গম মৈদুং ইউনিয়নের হাজাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করেছেন জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল। এ সময় তিনি দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে সামর্থ্যবান মানুষজনের প্রতি আহ্বান জানান।
১১ সেপ্টেম্বর জুরাছড়ি উপজেলা সদরের অফিসার্স ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে হাজাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯৮ জন শিক্ষার্থীর মাঝে বিদ্যালয়ের পোশাক বিতরণ করেন জেলা প্রশাসক। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। জেলার সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বিদ্যালয়ের পোশাক বিতরণের কর্মসূচির অংশ হিসেবে হাজাছড়া বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে পোশাক তুলে দেওয়া হয়।
পোশাক বিতরণের সময় জেলা প্রশাসক আরও বলেন, দেশকে ভালোবেসে কিছু পাওয়ার আশায় নয়, দেওয়ার আশায় কাজ করে যেতে হবে। জনকল্যাণমূলক কাজ করে যেমন আনন্দ পাওয়া যায়, অন্য কিছুতে তেমন আনন্দ পাওয়া যায় না।
সভায় বিশেষ অতিথি ছিলেন জুরাছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান উদয় জয় চাকমা, নির্বাহী হাকিম মোহাম্মদ আক্তারুজ্জামান, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান শেফালী দেওয়ান, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারমান ক্যানন চাকমা, দুমদুম্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণ মণি চাকমা, মৈদং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরুণ তালুকদার ও বনযোগীছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা। —রাঙামাটি অফিস