দুর্গম পাহাড়ে শিক্ষার আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রামুর চৌকিদারপাড়ার একটি শিখন স্কুলে শরীরচর্চায় অংশ নিচ্ছে সুবিধাবঞ্চিত খুদে শিক্ষার্থীরা l প্রথম আলো
রামুর চৌকিদারপাড়ার একটি শিখন স্কুলে শরীরচর্চায় অংশ নিচ্ছে সুবিধাবঞ্চিত খুদে শিক্ষার্থীরা l প্রথম আলো

পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি গ্রাম বড় ছনখোলা। উপজেলা সদর থেকে দূরত্ব ১৫ কিলোমিটার। রাস্তা বলতে পাহাড়ের খাঁজের গিরিপথ। এই পথের ফাঁক গলে সার বেঁধে চলেছে শিশুরা। পরনে বিদ্যালয়ের পোশাক। কারও পোশাক লাল-সবুজ, কারও আকাশি। হাতে বই। হইহুল্লোড় করে ছুটছে তারা বিদ্যালয় পানে। এ দৃশ্য তিন বছর আগেও এখানকার মানুষের জন্য ছিল স্বপ্ন। গ্রামে কোনো বিদ্যালয় ছিল না। আশপাশের মধ্যে সবচেয়ে কাছের প্রাথমিক বিদ্যালয়টির দূরত্ব ১২ থেকে ১৩ কিলোমিটার। ফলে ছেলেমেয়েদের লেখাপড়ার করার কথা কখনো চিন্তাই করেননি এখানকার বাসিন্দারা।
এখন দিন পাল্টেছে। গ্রামে বিদ্যালয় হলো। ছেলেমেয়েরা পড়ছে। তাদের সেই স্বপ্নপূরণ করছে ‘শিখন স্কুল’। শুধু বড় ছনখোলা নয়, বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের (কোডেক) উদ্যোগে নাইক্ষ্যংছড়ি ও রামুর দুর্গম পাহাড়ি গ্রামে ১২৭টি বিদ্যালয় স্থাপন করা হয়েছে। ২০১২ সাল থেকে এসব বিদ্যালয়ের কার্যক্রম চলছে। বিদ্যালয়গুলোতে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়।
কোডেকের কর্মকর্তারা জানান, শিখন স্কুলে পাঠদান কার্যক্রম ৪৪ মাসের। শিশু শ্রেণির জন্য চার মাস ও প্রথম থেকে পঞ্চম শ্রেণির জন্য আট মাস করে শিক্ষাবর্ষ ধরা হয়। প্রতিটি বিদ্যালয়ে ৩০ জন করে শিশু ভর্তি করা হয়। এরাই পর্যায়ক্রমে প্রতিটি ক্লাসের ধাপ পেরিয়ে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়া শেষ করে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অংশ নেবে।
১১ নভেম্বর চাকঢালা সীমান্তের বড় ছনখোলা গ্রামের শিখন স্কুলে গিয়ে দেখা গেছে, মাটির ঘর আর টিনের চালার এক কামরার ছোট্ট স্কুলঘর। ঘরের মেঝেতে মাদুর পেতে বসে পড়ছে শিশুরা। এরা পড়ছে চতুর্থ শ্রেণিতে।
বিদ্যালয়ের শিক্ষিকা সেলিনা আক্তার জানান, এখানে সুবিধাবঞ্চিত ও ঝড়ে পড়া শিশুদের আনন্দের মাধ্যমে লেখাপড়া শেখানো হচ্ছে। পাঠদান–প্রক্রিয়ায় থাকে বিশেষ কৌশল। বিনা মূল্যে দেওয়া হয় বিদ্যালয়ের পোশাক ও বই-খাতা। চলে সংগীত, ছবি আঁকা, স্বাস্থ্য সচেতনতাসহ নানা কার্যক্রম। সরকারি ও জাতীয় দিবসগুলোতেও খুদে শিক্ষার্থীরা অংশ নেয়।
বড় ছনখোলার পাশাপাশি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের দুর্গম পাহাড়ি গ্রাম ঠান্ডাঝিরি, মাঝেরচরা ও ছনখোলা গ্রামেও রয়েছে শিখন স্কুল। এসব গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই।
ঠান্ডাঝিরি গ্রামের চাষি মনোয়ার আলম জানান, বিদ্যালয় আট কিলোমিটার দূরে হওয়ায় এত দিন ছেলেমেয়েদের লেখাপড়া করানো হয়নি। এখন বাড়ির পাশে বিদ্যালয় থাকায় তারা লেখাপড়া করছে।
নাইক্ষ্যংছড়ি শিক্ষা কার্যালয় সূত্র জানায়, ২০১২ সালে এই উপজেলার দুর্গম পাহাড় ও মিয়ানমার সীমান্তবর্তী গ্রামের সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের শিক্ষিত করতে সেভ দ্য চিলড্রেনের কারিগরি সহযোগিতায় ৩২টি শিখন স্কুল স্থাপন করা হয়।
নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহমদ বলেন, ‘শিখন স্কুল দুর্গম পাহাড়ি এলাকায় শিশুদের শিক্ষিত করতে অগ্রণী ভূমিকা রাখছে। আমরাও তাদের নানাভাবে সহযোগিতা দিচ্ছি। কারণ বর্তমান সরকার সর্বজনীন প্রাথমিক শিক্ষাকে খুবই গুরুত্ব দিচ্ছে।’
এদিকে কক্সবাজারের রামু উপজেলার রাজারকূল, চৌকিদারপাড়া, গর্জনিয়া, শ্রীকূল, অফিসের চর ও কচ্ছপিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় স্থাপন করা হয়েছে আরও ৯৫টি শিখন স্কুল।
কোডেক রামু উপজেলা শিক্ষা সমন্বয়ক নাজমা সুলতানা জানান, এই উপজেলার বিভিন্ন শিখন স্কুল থেকে এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে ২ হাজার ৪৯১ জন সুবিধাবঞ্চিত খুদে শিক্ষার্থী। কোডেক না হলে এসব শিশু শিক্ষার আলো থেকে বঞ্চিত হতো।
কোডেকের চট্টগ্রাম বিভাগের প্রজেক্ট কো-অর্ডিনেটর রতন চক্রবর্তী বলেন, ইউনিসেফ ও ইউনেসকোর সার্ভে রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানের শিক্ষা ও সাক্ষরতার হার কম। এই বিবেচনায় এসব অঞ্চলের শিশুদের স্কুলমুখী করতে শিখন শিক্ষা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। গত চার বছরে শিক্ষাক্ষেত্রে পরিবর্তন দেখা যাচ্ছে। আগে যেসব শিশু স্কুলে যেত না, তারা স্কুলে এসে মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে।