দুর্গম পাহাড়ে সংস্কৃতির আলো

প্রায় ২০ ফুট দীর্ঘ ও ১০ ফুট প্রস্থের ছোট একটি বাঁশের বেড়া দেওয়া ঘর থেকে ভেসে আসছিল শিশুদের সমবেত কণ্ঠের গান। হারমোনিয়াম বাজিয়ে শিশুদের গানের তালিম দিচ্ছিলেন ধারশ মণি চাকমা। গত শুক্রবার রাঙামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মহাজনপাড়ায় গিয়ে এমন দৃশ্য দেখা যায়।
গত এক দশকেরও বেশি সময় ধরে ঘাগড়া ইউনিয়নে শিল্প-সংস্কৃতির আলো ছড়াচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ধারশ মণি। ২০০৭ সালে তিনি প্রতিষ্ঠা করেছেন ঘগড়া কালচারাল একাডেমি। ইউনিয়নে এই একাডেমির রয়েছে চারটির কেন্দ্র। কেন্দ্রগুলোতে তিনি ঘুরে ঘুরে শিশুদের চাকমা ও বাংলা গানের তালিম দেন। এ পর্যন্ত ঘাগড়া ইউনিয়নের পাঁচ শরও বেশি শিশুকে গানের তালিম দিয়েছেন। এদের মধ্যে অনেকে রাঙামাটির সাংস্কৃতিক অঙ্গনেও পরিচিতি পেয়েছে।
যে বাড়িতে গানের তালিম চলছিল সেখানে ছড়ানোছিটানো নানান বাদ্যযন্ত্র। এসব বাদ্যযন্ত্রের কিছু তাঁর নিজের টাকা দিয়ে এবং বাকিগুলো লোকজনের সাহায্য নিয়ে কেনা। গানের নেশা ও শিশুদের প্রতি ভালোবাসা থেকেই এমন কাজে জড়িয়েছেন তিনি।
ধারশ মণি চাকমা জানান, ঘাগড়া কালচারাল একাডেমিতে বর্তমানে গানে শতাধিক ও নাচে অর্ধশতাধিক ছাত্রছাত্রী রয়েছে। তাদের সবার বয়স পাঁচ থেকে ১৪ বছর। তিনি ছাত্রছাত্রীদের কাছ থেকে নির্দিষ্ট হারে টাকা নেন না। তাদের আগ্রহটাকে বড় করে দেখেন। অভিভাবকেরা খুশি হয়ে যা দেন তা একাডেমির উন্নয়নের কাজে লাগান। এ পর্যন্ত কোনো সরকারি সহযোগিতা পাননি। অথচ ঘাগড়া ইউনিয়নে সরকারি–বেসরকারি যেকোনো অনুষ্ঠানে তাঁদের ছাত্রছাত্রীরাই সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়।

ধারশ মণি চাকমা আরও জানান, বিভিন্ন উৎসবে ছোটদের পাশাপাশি তিনি বয়স্কদের নিয়ে মঞ্চ নাটকও মঞ্চায়ন করেন। এলাকার মানুষ সব সময় তাঁকে সহযোগিতা করে। তিনি বলেন, ‘আমি রাঙামাটির শহরতলি মোনঘর আবাসিক বিদ্যালয়ে পড়ার সময় গানবাজনার তালিম নিয়েছি। বাঁশিতে জাতীয় পুরস্কার পেয়েছি। তখন বুঝেছি সংস্কৃতিমান মানুষ খারাপ কাজে জড়িয়ে পড়ে না। তাই এলাকায় ফিরে শিশুদের গানবাজনা শেখানোর পাশাপাশি বয়স্ক যাঁরা সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি আগ্রহী, তাঁদের নিয়ে সাংস্কৃতিক কার্যক্রম করি। আমি চাই সবাই সংস্কৃতি বুঝুক, সাংস্কৃতিক কর্মকাণ্ডে আগ্রহী হয়ে উঠুক।’
ধারশ মণি চাকমার পাশাপাশি তাঁর ভাগনি রুপা চাকমা ও ছোট ভাইয়ের স্ত্রী মানসী চাকমা শিশুদের নাচ শেখান স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে। রুপা চাকমা প্রায় ২০ জন শিশুকে নাচের তালিম দিচ্ছেন।
রুপা জানান, তাঁর মামা ধারশ মণি চাকমার আগ্রহে তিনি রাঙামাটি উপজাতীয় (বর্তমানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী) সাংস্কৃতিক ইনস্টিটিউটে নাচ শিখেছেন। এখন একটি বেসরকারি সংস্থায় চাকরির পাশাপাশি ঘাগড়া ইউনিয়নে শিশুদের নাচ শেখান।
ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগদীশ চাকমা বলেন, ঘাগড়া ইউনিয়নে সাংস্কৃতিক আবহ সৃষ্টির পেছনে সবচেয়ে বড় অবদান ধারশ মণি চাকমা ও তাঁর পরিবারের। তিনি যে আগ্রহ নিয়ে শিশুদের নাচ-গান শেখান তার তুলনা হয় না। সরকারিভাবে কিছু সহযোগিতা পেলে তিনি ঘাগড়া ইউনিয়নসহ সমগ্র রাঙামাটির মুখ উজ্জ্বল করতে পারবেন।
ঘাগড়া কলেজের অধ্যক্ষ শ্যামল মিত্র চাকমা বলেন, ঘাগড়া এলাকায় যেকোনো সাংস্কৃতিক আয়োজনে ঘাগড়া কালচারাল একাডেমির ছাত্রছাত্রীরা অংশ নেয়। তারাই ঘাগড়া এলাকার সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণ। আর এই সব কিছুই সম্ভব হয়েছে ধারশ মণি চাকমার নিরলস পরিশ্রমের কারণে। তাঁর কারণেই আলোকিত হচ্ছে ঘাগড়া।