দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর ডিজিটাল পদ্ধতিতে পাঠদানের উদ্যোগ
খাগড়াছড়ির প্রত্যন্ত এলাকার পাহাড়ে শিক্ষা পেঁৗছে দেওয়ার উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী। পাশাপাশি মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নতুন শিক্ষাপ্রতিষ্ঠানও স্থাপন করা হচ্ছে। খাগড়াছড়িতে সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেডের আওতাধীন এলাকায় এমন কার্যক্রম চলছে।
১৫ জানুয়ারি দীঘিনালা সেনানিবাসে আয়োজিত এক সুধী সমাবেশে খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেডের আঞ্চলিক অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব উল আলম এ কথা জানান। শিক্ষা নিয়ে সেনাবাহিনীর পরিকল্পনার অংশ হিসেবে দীঘিনালায় প্রতিষ্ঠা করা হচ্ছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এ জন্য ইতিমধ্যে জায়গা কেনা ও ভবনের নকশার কাজ শেষ হয়েছে। এর পাশাপাশি খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকেরা ডিজিটাল পদ্ধতিতে দুর্গম এলাকায় শিক্ষার্থীদের পাঠদান করবেন।
কীভাবে চলবে এই কার্যক্রম? ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবু উল আলম বলেন, ডিজিটাল পদ্ধতিতে পাঠদানের জন্য ইতিমধ্যে একটি পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যে এলাকায় ইন্টারনেট নেটওয়ার্ক আছে, সে এলাকায় ইন্টারনেটের মাধ্যমে সরাসরি এবং যে এলাকায় নেটওয়ার্ক নেই সে এলাকায় ভিডিও ধারণ করে পাঠদান করা হবে। যেসব এলাকায় বিদ্যালয় নেই সে সব এলাকায় সেনাবাহিনীর নিরাপত্তা ক্যাম্পের মাধ্যমে পাঠদানের ব্যবস্থা করা হবে। নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন প্রসঙ্গে তিনি বলেন, দীঘিনালা ও বান্দরবানের আলিকদমে দুটি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করা হচ্ছে। স্কুল দুটি হবে আধুনিক মানের। ইতিমধ্যে ভবনের নকশাও শেষ হয়েছে। সেনাপ্রধান নিজেই বিষয়টি তদারকি করছেন। কোনো শিশু যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয় এবং মানসম্মত শিক্ষা পায় সেজন্য সেনাবাহিনী এ উদ্যোগ নিয়েছে।