দুর্গম লোগাংয়ের শিক্ষার্থীরাও পাচ্ছে কম্পিউটার প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মুই স্ববনেও কল্পনা ন গরং ইয়ান্যে দুর্গম লোগাং এলাকাত কম্পিউটার সিগি পারিম (আমি স্বপ্নেও কল্পনা করিনি দুর্গম লোগাং এলাকায় কম্পিউটার শিখতে পারব)।’ কম্পিউটার শিখতে এসে খুশিতে আত্মহারা হয়ে এ কথা বলেছিল বিদ্যালয় ছাত্র বোধি সত্ত চাকমা।শুধু বোধি সত্ত চাকমা নয়, কম্পিউটার শিখতে আসা রনেল চাকমা, ত্রিরতন চাকমা, মনি শংকর চাকমা, মনিংকর চাকমারও একই কথা। লোগাং বাজার আদর্শ উচ্চবিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর এই শিক্ষার্থীদের কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণের সুযোগ করে দিয়েছে ৩০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃপক্ষ। বিজিবির লোগাং জোনের কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্রে বিনা মূল্যে এই শিক্ষার্থীদের দুই মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিদিন বিদ্যালয় ছুটির পর এই প্রশিক্ষণ ক্লাস শুরু হয়। কম্পিউটার প্রশিক্ষণ নিতে আসা রনেল চাকমা, মনি শংকর চাকমা, মনিংকর চাকমা প্রথম আলোকে জানায়, ‘আমরা নবম শ্রেণীর ছাত্র। কম্পিউটার বিষয়টি আমাদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হয়েছে। এ প্রশিক্ষণ থেকে কম্পিউটার সম্পর্কে আমরা অনেক কিছু জেনেছি ও শিখেছি। যেটা বিদ্যালয়ে সম্ভব হতো না।’কম্পিউটার প্রশিক্ষক মো. সোহেল রানা প্রথম আলোকে বলেন, ‘এটি আমাদের চতুর্থ ব্যাচ। এর আগে আমরা প্রথম ব্যাচে ১২ জন, দ্বিতীয় ব্যাচে ১০ জন, তৃতীয় ব্যাচে পাঁচজনসহ ২৭ জনকে কম্পিউটার প্রশিক্ষণ দিয়েছি। এ প্রশিক্ষণকেন্দ্রে পাঁচটি কম্পিউটার রয়েছে। প্রতিদিন এক ঘণ্টা করে জেনারেটরের মাধ্যমে এ কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্র চালানো হচ্ছে।’লোগাং জোনের ৩০ বিজিবি জোন অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘লোগাং এলাকাটি খুবই দুর্গম। লোগাং ও চেংগী ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ না থাকায় এলাকার সাধারণ মানুষ আধুনিক সব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তাই দুর্গম এই এলাকার আর্থসামাজিক উন্নয়নের জন্য আমরা কাজ করছি। আমাদের প্রত্যাশা, এলাকার শিক্ষিত বেকার যুবক-যুবতীরা কম্পিউটার এবং সেলাই প্রশিক্ষণ নিয়ে নিজেদের বেকারত্ব দূর করবেন।’