দুর্গম সাজেকে আবাসিক বিদ্যালয় নির্মাণের দাবি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে আবাসিক বিদ্যালয় নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ২৫ মার্চ সকালে উলুছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এলাকাবাসী এ দাবি জানান।
সকাল ১০টায় উলুছড়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ন্যালশন চাকমা। প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. জাহাঙ্গীর আলম। বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বড়ঋষি চাকমা, নারী ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা, ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমা প্রমুখ।
বক্তারা বলেন, রাঙামাটি জেলার সবচেয়ে দুর্গম ইউনিয়ন সাজেক। এখানে ৮টি সরকারি ও ২৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। বিভিন্ন গ্রাম থেকে এসব বিদ্যালয়ের দূরত্ব ৩ থেকে ১০ কিলোমিটার। দূরত্বের কারণে অনেক শিক্ষার্থী ঝরে পড়ে। তা ছাড়া প্রাথমিক শেষে পড়ার জন্য রয়েছে মাত্র দুটি নিম্নমাধ্যমিক ও একটি উচ্চবিদ্যালয়। এখন প্রাথমিক ও মাধ্যমিক পাঠ নেওয়ার জন্য আবাসিক বিদ্যালয় নির্মাণ হলে শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হবে না। সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ন্যালশন চাকমা বলেন, ‘সাজেকবাসীর পক্ষ থেকে অনেক দিন ধরে একটি আবাসিক বিদ্যালয় স্থাপনের জন্য আবেদন করা হয়েছে। মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে সরেজমিনে দেখতে এসেছেন। আমরা তাঁদের কাছে সাজেকে আবাসিক বিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তার বিষয়টি অবহিত করেছি। তাঁরা আমাদের আশ্বস্ত করেছেন শিগগির সাজেকে আবাসিক বিদ্যালয় নির্মাণের উদ্যোগ নেবেন।’