দুর্গম সাজেকে পরিবর্তনের ছোঁয়া

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা দুর্গম সাজেক ইউনিয়নের ৩৪ কিলোমিটার সড়কের নির্মাণকাজ শেষ হওয়ায় পরিবর্তনের ছোঁয়া লেগেছে এই জনপদে। এলাকার উৎপাদিত পণ্য বাজারজাত করা সহজ হয়েছে আগের চেয়ে। এখানেই শেষ নয়, শিগগিরই আরও ৬৫ কিলোমিটার সড়ক নির্মাণকাজ শুরু করা হবে বলে জানা গেছে।
সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটেলিয়ন (ইসিবি) সূত্রে জানা গেছে, ৮০ কোটি টাকা ব্যয়ে ২০০৪ সালে সেনাবাহিনী সাজেকের বাঘাইহাট থেকে রুইলুইপাড়া পর্যন্ত ৩৪ কিলোমিটার সড়ক নির্মাণকাজ শুরু করে। গত জুন মাসে এই নির্মাণকাজ শেষ হয়।
দুর্গম সাজেকের রুইলুইপাড়া পর্যন্ত পাকা সড়ক হওয়ায় এখন ট্রাক ও জিপ গাড়ি সরাসরি সেখানে যেতে পারছে। এর ফলে ওই এলাকার বাসিন্দারা আশপাশের বাজারগুলোতে কৃষিপণ্য বিক্রি করতে পারছেন। বেড়েছে পর্যটকের আনাগোনাও। ইতিমধ্যে রুইলুইপাড়ায় পর্যটন কেন্দ্র নির্মাণের সিদ্ধান্তও নিয়েছে সরকার।
সাজেকের ছয়নাল ছড়া গ্রামের কমলাচাষি বুদ্ধমনি বলেন, রাস্তা হওয়ার আগে মাচালং বাজারে কমলা বিক্রির জন্য কাঁধে করে নিতে হতো। এক দিনের মতো সময় লেগে যেত। এখন সহজেই গাড়িতে কয়েক ঘণ্টায় বাজারে যাওয়া যায়।
সেনাবাহিনীর ১৯ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়নের (ইসিবি) অধিনায়ক লে. কর্নেল আহম্মদ জামিউল ইসলাম বলেন, সাজেকের রুইলুইপাড়া থেকে বরকলের বড় হরিণা পর্যন্ত আরও ৬৫ কিলোমিটার সড়ক নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এই সড়ক নির্মাণের কাজ শেষ হলে রুইলুইপাড়া থেকে ভারতের ত্রিপুরা সীমান্তসংলগ্ন ব্যাটলিংপাড়া পর্যন্ত আরও ৪০ কিলোমিটার সড়ক নির্মিত হবে। এই ১০৫ কিলোমিটার সড়ক নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৭০০ কোটি টাকা। ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে অর্থ ছাড়ও করা হয়েছে।
এদিকে ১২ নভেম্বর মাচালং বাজারে সাজেক ভূমি রক্ষা কমিটি, সাজেক নারী সমাজ ও পার্বত্য নারী প্রগতি সংঘ এলাকায় পর্যটন কেন্দ্র ও থানা স্থাপনের পরিকল্পনা বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে।
এ ব্যাপারে সাজেক ভূমি রক্ষা কমিটির সভাপতি জ্ঞানেন্দু চাকমা বলেন, পর্যটনের জন্য যে এলাকা নির্ধারণ করা হয়েছে তাতে অনেক আদিবাসী উচ্ছেদ হয়ে যাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, সাজেক সড়ক সংস্কারের পর স্থানীয় লোকজন উৎপাদিত পণ্য সহজে বাজারজাত করতে পারছে ও এলাকায় উন্নয়ন হচ্ছে।