দুর্গম সাজেকে বিদ্যালয় বিমুখ শিক্ষকেরা
১৯৯৯ সালের ২৯ আগস্ট বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের শিয়ালদাই লুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন সহকারী শিক্ষক নান্তা তালুকদার। সেই থেকে ২০১০ সাল পর্যন্ত ১১ বছরে মাত্র পাঁচ দিন তিনি বিদ্যালয়ে আসেন বলে জানান বিদ্যালয়সংশ্লিষ্ট লোকজন। এরই মধ্যে পদোন্নতি পেয়ে অন্য একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়েছেন নান্তা। শিয়ালদাই লুই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যপ্রিয় চাকমা ১৯৯৭ সালের পর একবারও বিদ্যালয়ে আসেননি বলে অভিযোগ করেন অভিভাবকেরা।অন্যদিকে সুনীল কান্তি চাকমা গত ২৫ জুলাই তুইছুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন বলে কাগজ-কলমে জানা যায়। অথচ স্থানীয় লোকজন জানান, ওই বিদ্যালয়টি আট বছর আগে ভেঙে গেছে। সেখানে বিদ্যালয়-ঘরের অস্তিত্বই নেই। রাঙামাটির সবচেয়ে দুর্গম ও বড় ইউনিয়ন সাজেকে এভাবে বিদ্যালয়ে উপস্থিত না হয়েও নিয়মিত বেতন তুলেছেন অনেক শিক্ষক। অভিযোগ রয়েছে, অনেক শিক্ষক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতির সই জাল করে বেতন তুলে নেন। শিক্ষকেরা রাঙামাটি ও বাঘাইছড়ি সদরে থাকেন, দুর্গম এলাকা হওয়ায় তাঁরা সেখানে যেতে চান না বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান। উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, সাজেকের আট বিদ্যালয়ে শিক্ষক রয়েছেন ১৯ জন। এর মধ্যে নিউলংকর ও কংলাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা ঠিকমতো শিক্ষকতা করেন বলে জানান স্থানীয় লোকজন।সাজেক ইউনিয়ন পরিষদের সদস্য অমূল্য সেন চাকমা জানান, সাজেকে আট বিদ্যালয়ের তিনটি ভেঙে গেছে। সামনে নির্বাচন আসছে, ভাঙা বিদ্যালয়গুলো মেরামত না করলে ভোটকেন্দ্র থাকবে না। কয়েকজন শিক্ষক অনুপস্থিত থাকার কথা স্বীকার করে বলেন, বিদ্যালয়গুলো দুর্গম এলাকায় হওয়ায় নিয়মিত যাওয়া সম্ভব হয় না, ওখানে থাকার জন্য ভালো ব্যবস্থা নেই। শিক্ষকদের পালা করে বদলি করা দরকার। এ ব্যাপারে সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এল থাংয়া পাংখোয়া প্রথম আলোকে ক্ষোভের সঙ্গে বলেন, ‘আমি অনুপস্থিত শিক্ষকদের ব্যাপারে উপজেলা সমন্বয় সভাতেও অনেকবার বলেছি, কিন্তু কাজ হয়নি। আমার ইউনিয়নের বিদ্যালয়গুলোতে অনেক শিক্ষক ক্লাস করেন না।’ শিয়ালদাই লুই প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও গ্রামপ্রধান ভূজন ত্রিপুরা জানান, ‘দীর্ঘ ১১ বছরে নান্তা তালুকদার মাত্র পাঁচবার বিদ্যালয়ে এসেছেন। তবে প্রধান শিক্ষক সত্যপ্রিয় চাকমা একবারও আসেননি। আমাদের ভাগ্য ভালো যে ১১ বছরে একজন শিক্ষকে পাঁচবার পেয়েছি। কিন্তু তুইছুই ও ব্যাটলিং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনেক শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয়ও হয়নি।’জানা যায়, সাজেকের অধিকাংশ মানুষ গরিব ও দিনমজুর। তাঁরা পাহাড়ে জুমচাষ, বাঁশ ও কাঠ আহরণ করে জীবিকা নির্বাহ করেন। শিশু-সন্তানদের দিয়েও কাজ করান অভিভাবকেরা। তাঁরা সন্তানের লেখাপড়া নিয়ে তেমন মাথা ঘামান না। মোনআদামের চন্দ্র বিকাশ চাকমা অভিযোগ করেন, ‘সাজেকের অনেক বিদ্যালয়ে এক বছরে এক দিনও ক্লাস হয় না। নিউলংকর বিদ্যালয় ছাড়া বাকি সাতটিতে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দেওয়ার মতো কোনো শিক্ষার্থী নেই।’কংলাক সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি স মিং থাং লুসাই বলেন, ‘আমি এক বছর ধরে বেতন বিলে সই করিনি। শিক্ষকেরা আমার সই জাল করে বেতন তুলেছেন।’ সুনীল কান্তি চাকমা অভিযোগের ব্যাপারে বলেন, ‘আমাকে রুপালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করার কথা ছিল। কিন্তু করা হয়েছে তুইছুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। খবর নিয়ে দেখেছি সেখানে কোনো বিদ্যালয় ঘর নেই। তাই সেখানে যাওয়া হয়নি।’রুইলুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রছন্দ মুনি চাকমা বলেন, ‘আমার বিদ্যালয়টি নয় মাস আগে ভেঙে গেছে। এখনো মেরামত করা হয়নি। তাই ক্লাস করা যায় না।’ নান্তা তালুকদার ও সুনীল কান্তি চাকমার সঙ্গে অনেক চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুজিত মিত্র বলেন, ‘সবকিছু জেনেও আমরা বেতন দিতে বাধ্য। কারণ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির সই আছে। দুর্গম এলাকা হওয়ায় সেখানে পরিদর্শনে যাওয়া হয় না।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশিরুল হক ভূঁইয়া বলেন, ‘শিক্ষকদের অনুপস্থিত থাকার ব্যাপারে কেউ অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেব।’