রাঙামাটির বাঘাইছড়ির রেতকাটাছড়া-লক্ষীছড়ি সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল আট বছর। অবশেষে সড়ক সংস্কার করে যান চলাচলের উপযোগী করেছে সেনাবাহিনী। ২২ ডিসেম্বর থেকে আবার চালু হয়েছে সড়ক।সাজেক ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, ১৯৬২ সালে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) রেতকাটাছড়া-লক্ষীছড়ি গাছ আহরণের জন্য ১৮ কিলোমিটার সড়কটি সম্প্রসারণ করে। ২০০৪ সালে তাদের কার্যক্রম গুটিয়ে নিয়ে যাওয়ার পর ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এরপর নয়টি সেতু ভেঙে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ৩৬টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ। এতে কিছু লোক গঙ্গারাম নদী দিয়ে ভেলা ভাসিয়ে উৎপাদিত পণ্য বাজারে আনলেও অনেকের পণ্য অবিক্রীত অবস্থায় পচে নষ্ট হয়ে যেত। হেঁটে বাজার আসতে সময় লাগতো দুদিন। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ১ ডিসেম্বর থেকে বাঘাইহাট সেনা জোন ও স্থানীয়দের সহযোগিতায় রেতকাটাছড়া থেকে সংস্কারকাজ শুরু করে। ১৮ কিলোমিটারের মধ্যে ইতিমধ্যে ১০ কিলোমিটার সড়কে যানবাহন চলাচলের উপযোগী করা হয়। এর মধ্যে চারটি কাঠের সেতু নির্মাণ করা হয়েছে। বাকি আট কিলোমিটার আগামী কিছুদিনের মধ্যে সংস্কারকাজ শেষ করা হবে। ২২ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে সড়কটি উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি ব্রিগেড কমান্ডার মো. মামুনুর রশিদ। বক্তব্য দেন বাঘাইহাট জোন অধিনায়ক লে. কর্নেল মো. কবির হোসেন, দীঘিনালা জোন অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজ মাহমুদ, বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা, বাঘাইহাট জোনের মেজর মো. মোছাদ্দেক রশিদ, বাঘাইহাট বাজার কমিটির সভাপতি মো. নাজিম উদ্দিন, জিপ সমিতির সভাপতি বিমল কান্তি চাকমা প্রমুখ। সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, রেতকাটাছড়া-লক্ষ্মীছড়ি সড়কটি দীর্ঘদিন পর চালু হলো। এত দিন ওইসব গ্রামের মানুষ বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন। এখন সহজে যাতায়াত এবং উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারবেন তাঁরা। এ প্রসঙ্গে বাঘাইহাট জোন অধিনায়ক লে. কর্নেল মো. কবির হোসেন বলেন, ‘আমি বাঘাইহাট জোনে আসার পর দেখি ২০ থেকে ৩০ হাজার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন। পরবর্তী সময়ে এলাকাবাসীর সঙ্গে সমন্বয় করে এই কাজটি শুরু করি। ১৮ কিলোমিটার সড়কে অধিকাংশ সংস্কার করা হয়েছে। বাকি সংস্কার কাজটা আগামী কয়েক দিনের মধ্যে শেষ করা হবে।’