দুর্গোৎসবের প্রস্তুতি শেষ পর্যায়ে, নিরাপত্তা জোরদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি জেলায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদ্যাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে। আয়োজকেরা ধর্ম–বর্ণ–সম্প্রদায়নির্বিশেষে সবাইকে উৎসব পালনের আহ্বান জানিয়েছে।
খাগড়াছড়ি পূজা উদ্যাপন পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে জেলায় ৪৪টি মণ্ডপে প্রতিমা ও চারটিতে ঘট পূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে খাগড়াছড়ি সদর উপজেলায় ১৩টি মণ্ডপে প্রতিমা পূজা হবে। জেলার মহালছড়িতে দুটি, পানছড়িতে সাতটি, দীঘিনালায় সাতটি, মাটিরাঙ্গায় আটটি, রামগড়ে দুটি, মানিকছড়িতে দুটি ও লক্ষ্মীছড়ির একটি মণ্ডপে পূজা উদ্যাপন করা হচ্ছে।
জেলা পূজা উদ্যাপন কমিটি সাধারণ সম্পাদক তরুণ কুমার ভট্টাচার্য জানান, জেলার সব কটি মণ্ডপে শান্তিপূর্ণ ও সর্বজনীনভাবে পূজা উদ্যাপিত হবে। পূজায় শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে বৈঠক হয়েছে। এখন পর্যন্ত ঠিকভাবে পূজার প্রস্তুতির কাজ চলছে। তিনি আরও বলেন, সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ দুর্গোৎসবে শামিল হয়ে উৎসবকে সর্বজনীন রূপ দেবেন।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার প্রতিটি পূজামণ্ডপে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য, আনসার ও ভিডিপি মোতায়েন থাকবে। এ ছাড়া পুলিশের ভ্রাম্যমাণ দল পূজা মণ্ডপগুলোতে টহল দেবে।
এদিকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ জেলার প্রতিটি পূজামণ্ডপে ১০ হাজার টাকা ও ঘট পূজার জন্য পাঁচ হাজার টাকা বরাদ্দ দিয়েছে। পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খগেশ্বর ত্রিপুরা জানান, পরিষদের সদস্যরা জেলার প্রতিটি পূজা মণ্ডপ পরিদর্শন করবেন।