
গ্রামাঞ্চল ও শহরতলিতে প্রায়ই সড়কবাতি থাকে না। রাত নেমে এলে এসব এলাকার রাস্তাগুলো পরিচিত ব্যক্তির কাছেও হয়ে ওঠে অপরিচিত। অনেক সময় সড়কে ঘাপটি মেরে থাকা গর্ত কিংবা হঠাৎ কোনো বাঁক দুর্ঘটনার কারণ হয়ে ওঠে বাইসাইকেল আরোহীদের জন্য। এ ধরনের সমস্যা এড়াতে পোল্যান্ডের একটি শহরে এবার এমন এক অভিনব ব্যবস্থা নেওয়া হয়েছে, যার ফলে রাত নেমে এলে সড়ক নিজেই পথ দেখাবে।
ইউরোপীয় নির্মাণপ্রতিষ্ঠান টিপিএএসপি সম্প্রতি পোল্যান্ডের লিনা নদীর তীরবর্তী ওলসটিন শহরে উজ্জ্বল সড়কের ব্যবস্থা করেছে। এ প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইগর রুতমার নিজেই জানিয়েছেন এ তথ্য। তিনি বলেন, এ পদ্ধতিতে সড়কের পিচে বসানো বিশেষ লুমিনোফোর কণাগুলো সড়ককে উজ্জ্বল করে রাখবে। দিনে সূর্যরশ্মি থেকে কণাগুলো শক্তি সংগ্রহ করবে আর রাতে সেই শক্তি ব্যবহার করে তারা উজ্জ্বল হয়ে উঠবে, যা বাইসাইকেল আরোহী ও পথচারীদের পথ দেখাবে। কণাগুলো রাতে ১০ ঘণ্টা পর্যন্ত উজ্জ্বল থাকবে।
রুতমার বলেন, ‘সড়কের পিচে বসানো কণাগুলো উজ্জ্বল নীল রঙের আলোয় উদ্ভাসিত হয়। যে এলাকার সড়কে এগুলো বসানো হয়েছে, সেখানকার প্রকৃতির সঙ্গে এ আলো সুন্দরভাবে মানিয়ে গেছে।’ তিনি বলেন, ‘আমরা আশা করছি, এ পদ্ধতিতে রাতের অন্ধকারে বাইসাইকেল আরোহী ও পথচারীরা যে দুর্ঘটনার মুখে পড়েন, তা এড়িয়ে যেতে পারবেন।’
রুতমার আরও বলেন, গত ২৩ সেপ্টেম্বর ওলসটিন শহরের সড়কটি সাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে এখনো কিছু কাজ বাকি আছে। তিনি বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ১০০ মিটার সড়কের ওপর কণাগুলো বসিয়েছি। এই ছোট অংশের ওপর আমরা পরীক্ষা চালাব। আমরা দেখতে চাই, শীতে কণাগুলোর কী ঘটে। তারপরই দীর্ঘ পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেব আমরা।’