দুর্ঘটনা ঘটছেই হতাহতের সঠিক হিসাব নেই জাহাজভাঙা শিল্প
জাহাজভাঙা শিল্পে এ পর্যন্ত কতজন শ্রমিক নিহত হয়েছেন তার কোনো সঠিক হিসাব সরকারি বেসরকারিভাবে নেই। একেক প্রতিষ্ঠানের কাছে একেক রকম তথ্য পাওয়া যায়। ২০০৯ সালের ৫ ও ১৭ মার্চ দেওয়া সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এক রায়ে বলা হয়, জাহাজভাঙা শিল্পে গত ২০ বছরে দুর্ঘটনায় ৪০০ শ্রমিক মৃত্যুবরণ করেছেন। এ সময়ে ছয় হাজার শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তবে শ্রম মন্ত্রণালয়ের হিসাবে এতে নিহতের সংখ্যা এক হাজারের বেশি। সীতাকুণ্ডের জাহাজভাঙা শিল্পে শ্রমিকেরা ঝুঁকিপূর্ণ কাজ করেন বলে বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের অভিযোগ। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত একাধিক রায়ে জাহাজভাঙা শিল্পে শ্রমিকদের নিরাপত্তা ও অব্যাহত পরিবেশদূষণ নিয়ন্ত্রণের ব্যাপারে বিধিমালা তৈরির নির্দেশ দিয়েছিল। সেই বিধিমালা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।বিধিমালা প্রণয়নের আগে গত ২২ এপ্রিল শ্রম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি জাহাজভাঙা শিল্প পরিদর্শনের সময় কমিটির প্রধান সাংসদ ইস্রাফিল আলম সাংবাদিকদের বলেন, ‘জাহাজভাঙা শিল্পে এ পর্যন্ত এক হাজার ১০০ লোক নিহত হয়েছেন।’সর্বশেষ বড় দুর্ঘটনাটি ঘটে গত বছরের ৯ অক্টোবর সীমা স্টিল নামের জাহাজভাঙা শিল্পে। এ ঘটনায় তিনজন নিহত ও দুই শ্রমিক আহত হন। এ প্রসঙ্গে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘দুর্ঘটনার সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। ইয়ার্ডে লাশ গুম করে ফেলার অভিযোগও রয়েছে। যে কারণে অনেক সময় হতাহতের সঠিক তথ্য পাওয়া যায় না।’ তিনি বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী যদি বিধিমালা তৈরি করা হয় তাহলে শ্রমিক স্বাস্থ্য এবং পরিবেশ—দুই-ই রক্ষা করা সম্ভব হবে।বিস্ফোরক অধিদপ্তর, গ্রিন পিস, বেলা সূত্রে জানা গেছে ২০১০ সালে ১২ জন, ২০০৯ সালে ২৩ জন, ২০০৮ সালে ১৫ জন, ২০০৭ সালে আটজন, ২০০৬ সালে ১০ জন, ২০০৫ সালে সাতজন, ২০০৪ সালে তিনজন শ্রমিক জাহাজভাঙা শিল্পে বিভিন্ন দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন বলে বেলাসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার হিসাবে জানা গেছে। এর আগে ২০০০ সালে ২০ জন শ্রমিক মারা যান শিপইয়ার্ডে। এদিকে, গত ২২ এপ্রিল শ্রম মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় দল ও শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান সীতাকুণ্ডের জাহাজভাঙা শিল্প পরিদর্শন করেন। এ সময় তাঁরা বিভিন্ন ইয়ার্ড ঘুরে দেখেন এবং মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলেন। এ সময় এসএন করপোরেশনের নুরুল হক নামের এক শ্রমিক কমিটিকে জানান, গত পাঁচ বছরে এখানে দুই শ্রমিক নিহত হয়েছেন। পরে সংসদীয় কমিটির সভাপতি ইস্রাফিল আলম বলেন, ‘শ্রম মন্ত্রণালয়ে আমরা শিগগির একটি প্রতিবেদন জমা দেব। তাতে শ্রমিক স্বার্থ ও স্বাস্থ্যরক্ষায় সুপারিশ থাকবে। এরপর বিধিমালা তৈরি হবে। বিধিমালায় শ্রমিকদের বিষয়কে প্রাধান্য দেওয়া হবে।’ প্রসঙ্গত, গত ৪ এপ্রিল অপর একটি রায়ে উচ্চ আদালত থেকে দুই মাসের জন্য বিধিমালা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়। এদিকে, বাংলাদেশ শিপব্রেকার্স অ্যাসোসিয়েশন (বিএসবিএ) দাবি করেছে, বর্তমানে বেশ কিছু ইয়ার্ডে শ্রমিকদের জন্য অত্যাধুনিক নিরাপত্তা সরঞ্জাম রাখা হয়েছে। আহতদের দ্রুত স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য একটি হাসপাতালও করা হচ্ছে। এ প্রসঙ্গে বিএসবিএর সভাপতি হেফাজেতুর রহমান সংসদীয় কমিটির পরিদর্শনের সময় সাংবাদিকদের বলেন, ‘আমরাও চাই একটি বিধিমালা দেওয়া হোক। তবে আমরা এখনই অনেক নিরাপত্তাব্যবস্থা নিয়েছি। হতাহত শ্রমিকদের চিকিৎসা খরচ থেকে শুরু করে ক্ষতিপূরণও দেওয়া হচ্ছে। এ ছাড়া আগামী ছয় মাসের মধ্যে আমাদের ১৫০ শয্যার হাসপাতাল চালু করা হবে।’