দুর্ঘটনা? ধুর, ঘটনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সড়ক দুর্ঘটনার প্রতিকার চেয়ে কেন যে আমরা শরীরের মূল্যবান ক্যালরি খোয়াচ্ছি! সড়ক দুর্ঘটনার খবরে আমাদের কলজে যেভাবে নড়ছে, সংশ্লিষ্টদের টনক তো সেভাবে নড়ছে না। সুতরাং প্রতিকার চাওয়ার মতো আমব্রেলা-হেড (ছাতামাথা) চিন্তা না করে আসুন এক আমব্রেলার তলায় আসি। তাদের মতো বুঝতে শিখি, ভোগে নয়, জীবন ত্যাগেই প্রকৃত সুখ! সেন্টুমন্টু (সেন্টিমেন্টাল) পাবলিক না হয়ে আসুন সুইটহার্ট টাইপের নরম-কোমল যাত্রী হই! আসুন পণ করি, বেপরোয়া গাড়ি চালালেও ‘ড্রাইভার টিজিং’ করব না! সম্মানিত যাত্রী হয়ে লাউড স্পিকারের মতো আচরণ করব না! দুটি বাস রাস্তায় যখন মধুর প্রতিযোগিতা শুরু করবে, তখন আমরা সেই প্রীতিম্যাচে ‘চিয়ারলিডার’ হয়ে ড্রাইভার ভাইয়ের মনোরঞ্জন করব! এমনকি, সম্মিলিত কণ্ঠে বাংলা সিনেমার রোমান্টিক ব্যাকগ্রাউন্ড মিউজিক গাওয়া যেতে পারে, ‘লালালা-লালা, লালালা-লালা!’ 
মাঝে মাঝে দেখা যায়, ড্রাইভারের চেয়ে কন্ডাক্টরের তেজ বেশি। সূর্যের চেয়ে বালুর তেজ বেশি হতেই পারে। এতে তাকে ‘অপদার্থ’ ভাবার কোনো কারণ নেই! কারণ তারও ‘ভর’ আছে। যার ভর আছে, সে-ই তো পদার্থ! সে যদি চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দিতে চেষ্টা করে, তাহলে তাকে মিষ্টি সুরে বলুন, ‘ধন্যবাদ, আবার আসব!’ কেউ দুর্ঘটনার কথা বললে উল্টো তাকেই দু কথা শুনিয়ে দিন, ‘দুর্ঘটনা? ধুর, এটা একটা ঘটনা! সড়ক দুর্ঘটনা ছিল, আছে, থাকবে—এখানে, সেখানে, সবখানে! সড়ক দুর্ঘটনা—এ তো আমাদের অহংকার!’
বিষয়টি নিয়ে সংশ্লিষ্টরা যেহেতু এত উদাসীন, তাই আসুন বাস-ট্রাকের ফিটনেস নিয়ে না ভেবে নিজেদের ফিটনেস নিয়েই ভাবা শুরু করি! ‘স্কুবা ডাইভিং’, ‘স্কাই ডাইভিং’–এর মতো নরম-কোমল ডাইভিং আমাদের জন্য নয়। আমাদের শিখতে হবে ‘পাকা রাস্তা ডাইভিং’! ফটোগ্রাফি, পেইন্টিং এসব না শিখে আসুন শিখি কীভাবে ছুটন্ত বাস থেকে ডাইভ দিয়ে নামতে হয়! ডাইভ দিতে গিয়ে হতাহতের ঘটনা তো ঘটবেই! সে ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ ¬‘পড়ন্ত বস্তুর সূত্রের’ মতো ‘পড়ন্ত যাত্রীর সূত্র’ উদ্ভাবন করতে পারেন! কোনো যাত্রী কোন ভঙ্গিতে, কত বেগে পড়লে তার কী ধরনের ক্ষতি হবে, তা নিয়ে হতে পারে গবেষণা! কতজন লাশ হচ্ছেন, কতজন বাঁশ খাচ্ছেন, থাকতে পারে এসবের স্ট্যাটিসটিকস! তাদের উদ্যোগে গড়ে উঠতে পারে ‘দুর্ঘটনা সংরক্ষণ কমিটি’, ‘শোক প্রশমন ফোরাম’—আরও কত কী!
হৃদয় নিংড়ানো কষ্ট নিয়ে কথাগুলো লিখলাম। জনসম্পদকে এভাবে লাশ বানিয়ে জাতির মেরুদণ্ড ভাঙার প্রক্রিয়া চলতে থাকলে তো ষোলো আনাই বৃথা! পরিবারের কোন মানুষটা লাশ হলে সংশ্লিষ্টদের শিরদাঁড়া শক্ত হবে? পথেঘাটে ড্রাইভার-কন্ডাক্টরদের সীমাহীন অনিয়ম গায়ে মেখে যখন বাসায় ফিরি, তখন আপন মনেই বলে উঠি, ‘সত্যিই সেলুকাস, এখনো বেঁচে আছি!’