দুর্ঘটনার আশঙ্কা নিয়েই সেতুগুলোর ওপর দিয়ে চলছে ভারী যানবাহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির বিভিন্ন সড়কে ৬৬টি বেইলি সেতুর মধ্যে সব কটিই ঝুঁকিপূর্ণ। বেশির ভাগ সেতুই আশি ও নব্বই দশকে অস্থায়ী ভিত্তিতে নির্মাণ করা হয়েছিল। বারবার মেরামত করে সেতুগুলো কোনো রকমে চালু রাখা হয়েছে। দুর্ঘটনার আশঙ্কা নিয়েই সেতুগুলোর ওপর দিয়ে চলছে ভারী যানবাহন।

সড়ক ও জনপদ সূত্রে জানা যায়, খাগড়াছড়ি-মহালছড়ি-রাঙামাটি (মানিকছড়ি) খাগড়াছড়ি (সওজ) অংশের ৩টি, হেয়াকো-রামগড়-জালিয়াপাড়া সড়কে ৪টি, খাগড়াছড়ি-পানছড়ি সড়কে ১০টি, মাটিরাঙ্গা-তানাক্কাপাড়া সড়কে ৯টি, মানিকছড়ি-লক্ষ্মীছড়ি সড়কে ৬টি, খাগড়াছড়ি-দীঘিনালা-বাঘাইহাট-সাজেক সড়কে ৬টি, দীঘিনালা-বাবুছড়া-লোগাং-পানছড়ি সড়কে ১৩টি, বাঘাইহাট-মারিশ্যা সড়কে ২টি, দীঘিনালা-ছোট মেরুং-চোংড়াছড়ি-লংগদু সড়কে ৫টি, মহালছড়ি-সিন্দুকছড়ি-জালিয়াপাড়া সড়কে ৭টি, মানিকছড়ি-খাগড়াছড়ি সড়কে ১টি ঝুঁকিপূর্ণ বেইলি সেতু রয়েছে।

সওজ উপবিভাগীয় প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) সবুজ চাকমা বলেন, ‘খাগড়াছড়ি জেলার সব কটি ও রাঙামাটি জেলার দুটি উপজেলা খাগড়াছড়ি সওজ অধিদপ্তরের আওতাধীন। এসব সড়কের বেইলি সেতুগুলো পুরোনো হয়ে পড়েছে। আমরা ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ বেইলি সেতুগুলো নতুনভাবে সংস্কার শুরু করেছি। বিভিন্ন সড়কে পিসি গার্ডার, আরসিসি গার্ডার ও আরসিসি বক্স কালভার্ট নির্মাণের কাজ শুরু করেছি।’

খাগড়াছড়ি সড়ক ও পরিবহন চালক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. ইউনুছ আলী বলেন, ‘প্রায়ই বিভিন্ন সড়কের সেতু ভেঙে যায়। আর ভেঙে যাওয়া অনেক সেতুর পাটাতন কোনো রকমে জোড়া লাগানো অবস্থায় রেখে দেওয়া হয়। সেতু ভেঙে গেলে জনগণ চালক ও পরিবহনের ওপর দোষারোপ করে। তখন আমাদের অনেক চালক জনগণের রোষানলে পড়েন। আমরা অনেকবার ঝুঁকিপূর্ণ সেতুগুলো ঠিক করার আবেদন করলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি।’

সওজের খাগড়াছড়ির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেম উদ্দিন চৌধুরী বলেন, ‘বেইলি সেতুগুলো মূলত অস্থায়ী ভিত্তিতেই নির্মাণ করা হয়ে থাকে। কিন্তু খাগড়াছড়ির বেইলি সেতুগুলোর বেশির ভাগই পুরোনো। আমাদের একটি প্রকল্প চলছে। এই প্রকল্পের আওতায় ৬৬টি ঝুঁকিপূর্ণ বেইলি সেতুর মধ্যে ৫৬টি নতুন করে তৈরি করা হবে। বাকি ১০টি সেতু উন্নয়নের জন্য প্রকল্প প্রস্তাব (ডিপিপি) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।’