দুর্ঘটনার ছয় বছর পর ক্ষতিপূরণ
দুর্ঘটনায় আহত হওয়ার ছয় বছর পর ক্ষতিপূরণ পেলেন এক পুলিশ কর্মকর্তা। দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায় তার পক্ষে যায়। চট্টগ্রাম আদালতের জ্যেষ্ঠ হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান সম্প্রতি ক্ষতিপূরণ দেওয়ার এই আদেশ দেন। এতে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড হয়। জরিমানার আট হাজার টাকা ভুক্তভোগী পুলিশ কর্মকর্তাকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। জানা যায়, কর্তব্য পালনের সময় ২০০৫ সালের ১৯ মার্চ কোতোয়ালি থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) তাপস কুমার বিশ্বাস একটি সিএনজি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন। ওই সময় তিনি পলোগ্রাউন্ড মাঠের কাছে বাণিজ্য মেলার নিরাপত্তার দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। নগরের সিনেমা প্যালেসের কাছে তিনি দুর্ঘটনার শিকার হন। এতে তাঁর বাম পায়ের হাঁটু ভেঙে যায়। প্রথমে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে দীর্ঘ নয় মাস চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি একজন কনস্টেবলের মাধ্যমে কোতোয়ালি থানায় মামলা করেন।আদালত সূত্র জানায়, সিএনজি অটোরিকশার (নম্বর চট্টমেট্রো-থ-১২-০১২৯) চালক নুরুন্নবী মিয়া বেপরোয়াভাবে এসআই তাপসের মোটরসাইকেলকে ধাক্কা দেন। এজন্যে তাঁকে ছয় বছর ধরে আইনি লড়াই চালিয়ে যেতে হয়েছে। বিচারক মোহাম্মদ মাহাবুবুর রহমান আদেশে বলেন, আসামির বিরুদ্ধে বেপারোয়াভাবে গাড়ি চালিয়ে গুরুতর জখম করার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তাই ১৮৬০-এর ৩৩৮(ক) ধারায় আসামিকে দোষী সাব্যস্ত করে দশ হাজার টাকা জরিমানা করা হলো। অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হলো। অর্থদণ্ড থেকে আট হাজার টাকা ভুক্তভোগী এসআই তাপসকে চিকিৎসা সংক্রান্ত খরচ হিসেবে দিতে হবে।