দুর্জয় প্রাণের আনন্দে বিপ্লবী
বক্তব্য দেওয়ার ডাক পড়তেই উঠে দাঁড়ালেন শতবর্ষী বিপ্লবী। মাইকটা তাঁর আসনের দিকে এগিয়ে দিতে চাইলেন একজন। বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী দৃঢ় কণ্ঠে উচ্চারণ করলেন ‘না আমি দাঁড়িয়েই বলব।’ ভঙ্গুর শরীর নিয়ে ইস্পাত কঠিন দৃঢ়তায় এগিয়ে গেলেন মাইক্রোফোনের দিকে। হাজারো মানুষকে শোনালেন দেশ ও দেশের মানুষের গভীর ভালোবাসার কথা। স্বদেশের প্রতি, দেশের মানুষের প্রতি ভালোবাসার স্মারক এই অনুষ্ঠানের উদ্বোধক বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানসহ সমবেত জনতা আনন্দে উদ্বেলিত। আজ রোববার বিনোদ বিহারী শতবর্ষের পথে তাঁর যাত্রা শুরু করেছেন। এ উপলক্ষে শুক্রবার শুরু হয়েছে বিপ্লবীর জন্মশতবর্ষ অনুষ্ঠানমালা। চিরকাল ঘরকুনো ভীত হিসেবে চিহ্নিত হয়ে আসা বাঙালিকে সাহসিক হতে এবং স্বাধিকারের স্বপ্ন দেখিয়েছিলেন এই বিপ্লবীরা। ১৯৩০ সালে মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে বিপ্লবীরা চট্টগ্রামকে চার দিনের জন্য স্বাধীন করে রেখেছিলেন। ওই বিপ্লবের অংশীদার মাস্টারদার সাহচর্য পাওয়া বিনোদ বিহারী চৌধুরী। নিজের জন্মশতবর্ষের উদ্বোধনী অনুষ্ঠানেও তিনি সেই সাহসের কথা বললেন। বললেন দেশ ও দেশের মানুষের কথা। তিনি বলেন, ‘নিজের দেশকে, নিজের জন্মভূমিকে ভালোবাসবেন। দেশকে ভালোবাসা মানে মানুষকে ভালোবাসা।’বিনোদ বিহারী স্বাধীন দেশে বৈষম্যের কথা স্মরণ করিয়ে দিলেন, ‘একশ্রেণীর মানুষ ভালোভাবে থাকবে আর একশ্রেণী ফুটপাতে দিন কাটাবে তা হয় না। আমাদের এমন এক সোনার বাংলা গড়তে হবে যাতে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারি। হিন্দু-মুসলমানে কোনো পার্থক্য থাকবে না। কাপুরুষতা ভীরুতা ত্যাগ করে আমরা এগিয়ে যাব।’এইটুক বলেই বিপ্লবীর কণ্ঠ আচ্ছন্ন হয়ে পড়ে স্বজন হারানোর বেদনায়। ‘আপনারা আমাকে বিপ্লবী বলে সম্বোধন করেন। কিন্তু কিছু কিছু মানবিক দুর্বলতা রয়েছে। আমি মাত্র কিছুদিন আগে আমরা জীবনসঙ্গিনীকে হারিয়েছি।’আবেগ সামলে আবার উচ্চারণ করলেন বিপ্লবের অমিয় বাণী, ‘দেশ ও জনগণকে ভালোবাসুন। সাহস হারাবেন না, ভয় পাবেন না। তবেই সত্যিকার সোনার বাংলায় পরিণত হবে এ দেশ।’জন্মশতবর্ষ অনুষ্ঠানের উদ্বোধনী দিনে অতিথিদের সঙ্গে নিয়ে শহীদ মিনারে ফুল দিলেন বিপ্লবী। নতুন প্রজন্মের প্রতিনিধিদের সঙ্গে শোভাযাত্রায় অংশ নিলেন। সেখানে বিপ্লবীর একটু স্পর্শ পাওয়ার জন্য কাতর হয়ে উঠলেন অনেকে। বিনোদ বিহারীও হাত মেলালেন তরুণ সহযোদ্ধাদের সঙ্গে। এরপর এগিয়ে গেলেন। ঠিক রক্তকরবীর শিল্পীদের গাওয়া উদ্বোধনী সংগীতের মতো ‘চলো দুর্জয় প্রাণের আনন্দে...চলো বিঘ্ন বিপদে জয়ী মনোরথে।’