দুর্নীতি বিরোধী কার্টুন প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ ডিসেম্বর, বৃহস্পতিবার, বিকেল। বাসা থেকে বেরোতেই প্রশ্ন, কিরে, তুই কই যাস? —টিআইবির কার্টুন প্রদর্শনীতে। —প্রদর্শনীতে যাওয়ার কী দরকার? তোর নিজের চেহারাই তো কার্টুনের মতো। দেখিস, কেউ যেন তোকে প্রদর্শনীর অংশ না ভাবে।কিছু না বলে চারুকলার জয়নুল গ্যালারিতে চলে এলাম। এখানেই টিআইবি আয়োজিত দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং নির্বাচিত কার্টুনগুলোর প্রদর্শনী হবে।উদ্বোধনী অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রতিযোগিতার অন্যতম বিচারক কার্টুনিস্ট আহসান হাবীব, টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হাফিজউদ্দিন খান ও টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। অতিথিদের বক্তব্যের পর আ আ ম স আরেফিন সিদ্দিক অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।বয়সের ভিত্তিতে ‘ক’ ও ‘খ’ দুটি বিভাগে প্রতিযোগিতা হয়েছে। প্রতিযোগিতার বিষয় ছিল ‘দুর্নীতির বিরুদ্ধে তরুণসমাজ’। ১৩-১৮ বছর বয়সীরা ছিল ‘ক’ বিভাগে। এ বিভাগে প্রথম পুরস্কার পেয়েছে আরাফাত করিম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে সৈয়দ নাফিস সাদিক ও আতাউর রহমান তালুকদার।১৯-৩৫ বছর বয়সী প্রতিযোগীরা ছিলেন ‘খ’ বিভাগে। এখানে প্রথম হয়েছেন মানবেন্দ্র গোলদার, দ্বিতীয় হয়েছেন মেহেদী হক (যিনি প্রতিবছর পুরস্কার পাওয়াটাকে নিজের ‘হক’ বানিয়ে ফেলেছেন) এবং তৃতীয় হয়েছেন এ এস এম শহীদুল্লাহ ফারুক। বেরিয়ে যাওয়ার সময় দুই কিশোরের কথপোকথন—: ভাবসিলাম প্রদর্শনীতে টম অ্যান্ড জেরি, পাপাই—এই সব কার্টুন দেখাইব, এইখানে সব দেখি আঁকা কার্টুন সাজাইয়া রাখসে।: টম অ্যান্ড জেরি তো টিভি খুললেই দেখা যায়, কিন্তু এসব প্রদর্শনী ছাড়া দেখা যায় না।খুবই সত্য কথা। যাঁরা এই কার্টুনগুলো দেখে মজা পেতে চান, তাঁরা চলে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে। প্রদর্শনী চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত।