বাংলাদেশ যুব মৈত্রী চট্টগ্রাম জেলা শাখার সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাংসদ রাশেদ খান মেনন বলেছেন, ‘রেল থেকে শুরু করে পুলিশ বিভাগসহ সর্বত্র আজ নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি চলছে। নিয়োগকে দুর্নীতিমুক্ত ও প্রতিযোগিতামূলক করতে হবে। তবেই আমাদের দেশের প্রবৃদ্ধি বাড়বে।’গত শুক্রবার বিকেলে স্টুডিও থিয়েটার মিলনায়তনে যুব মৈত্রীর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সাংসদ মেনন বলেন, ‘রেলে কী পরিমাণ নিয়োগ বাণিজ্য চলেছে সেটা আমরা দেখেছি। রেলের জিএম ও মন্ত্রীর এপিএস টাকাসহ ধরা পড়েছে। কোটি কোটি টাকা নিয়োগের নামে হাতিয়ে নেওয়া হয়েছে। যুবসমাজকে ঠেলে দেওয়া হচ্ছে অবক্ষয়ের দিকে। দুনীতি রোধ করা গেলে প্রবৃদ্ধি ৬ দশমিক ৩ থেকে ৯ এ উন্নীত করা সম্ভব।’এর আগে শহীদ মিনারের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রয়াত অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরীর সহধর্মিনী উমা মুহুরী ও সাংসদ রাশেদ খান মেনন। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলা সম্পাদক আবু হানিফ। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শরীফ চৌহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন উমা মুহুরী, শামসুদ্দিন খালেদ, কায়সার আলম, দিদারুল আলম চৌধুরী, ফারুক আহমেদ, রুদ্র মামুন প্রমুখ। সাংসদ রাশেদ খান মেনন বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের মাধ্যমে এদেশে দুর্নীতি ও জঙ্গিবাদের উত্থান হয়েছে। ৯০ ও ২০০১ সালে দেশে সীমাহীন দুর্নীতি শুরু হয়।