দুর্নীতি সংলাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

—দেশ থেকে কি দুর্নীতি মুছে ফেলতে চান?—আপনি কে বলছেন, মশায়?—দেশের জনগণ!—এত সাহস তোমরা পাও কোথায়?—দেশ থেকে কি দুর্নীতি মুছে ফেলতে চান?—আপনি আবার কে?—আমি বিদেশি! পর্যটনে এসেছি আপনাদের দেশটা দেখতে!— বিদেশি! বেড়াতে এসেছ বেড়িয়ে যাও। ইন্টারনাল ইস্যু নিয়ে এত মাথাব্যথা কিসের!—না মানে, যদি কিছু সাহায্য করতে...!—সাহায্য! কিসের ওপর! দেখুন আমাদের কিন্তু সবকিছুর ওপরই সাহায্য লাগবে। আমাদের কিছুই নেই! তা আপনি কী সাহায্য দিতে চান?—কিছু উপদেশ!—এই, কে আছিস! একে এয়ারপোর্টের রাস্তাটা দেখিয়ে দে।—দেশ থেকে কি দুর্নীতি মুছে ফেলতে চান?—আপনি কে বলছেন?—আমি ফার্স্ট ওয়ার্ল্ড।—দুর্নীতি! আমাদের দেশে তো কোনো দুর্নীতি নেই। কখনো ছিলও না। এই, কে আছিস, ওনাকে বল না, তোরা কেউ দুর্নীতির বানানটাও ঠিকমতো জানিস না।—ওকে ফাইন। ভেবেছিলাম, দুর্নীতি থাকলে ওটা দূর করার জন্য কিছু সাহায্য করব। —জি, স্যার! সাহায্য!! না, মানে আসলে প্রথমে আপনাকে ভুল ভেবে মিথ্যা বলে ফেলেছি। আসলে এর আগেও ফার্স্ট ওয়ার্ল্ড থেকে একজন পর্যটক এসে সব গোলমাল পাকিয়ে দিয়ে গেছে। আসলে আমাদের দেশে দুর্নীতি না পেলে পৃথিবীর আর কোথাও আপনি দুর্নীতি পাবেন না। আরে আমরাই তো দুর্নীতিতে টানা চ্যাম্পিয়ন! বস, সাহায্যের পরিমাণটা যদি একটু বলতেন! না, মানে, কিছু প্ল্যান ছিল তো! ছেলেপুলেরা অনেক দিন ধরেই আবদার করছিল...—বাহ! আপনারা তো দেখি ব্যাপারটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। দুর্নীতি নিয়েও দুর্নীতি!! —দেশ থেকে কি দুর্নীতি মুছে ফেলতে চান?—আপনি কে ভাই! পরিচয়টা আগে দিন। তা না হলে কী বলতে কী বলে ফেলি ঠিক নেই।—আমি এলিয়েন! ভিনগ্রহ থেকে এসেছি!!—অ্যালিয়েন! ভিনগ্রহ থেকে!! তা এলিয়েন সাহেব, এ দেশে কী মনে করে?—গবেষণার জন্য কিছু দুর্নীতিবাজ দরকার ছিল!—কী গবেষণা?—না, মানে, দুর্নীতির জন্য কোন জিনিসটা দায়ী সেটা খুঁজে বের করে সেই অনুযায়ী ট্রিটমেন্টের ব্যবস্থা করতাম!—ও! আপনি বোধহয় অনেক পথ পাড়ি দিয়ে এসেছেন। ক্লান্ত! চা-কফি কিছু খাবেন! এই, কে আছিস, অ্যালিয়েন সাহেবকে পাঙাস মাছের পেটি দিয়ে চিকন চালের ভাত দে! উনি আমাদের দেশ থেকে জনশক্তি আমদানির জন্য আসছেন। জলদি খবর ছড়িয়ে দে, ভালো বেতনে ভিনগ্রহে জনশক্তি রপ্তানি হবে। বিটিভিতে একটা প্রেস রিলিজ পাঠিয়ে দাও। খবরের কাগজে বিজ্ঞাপন দাও।—জি, আপনি মনে হয় ভুল করছেন!—আমি মোটেও ভুল করছি না। আপনি রেস্ট নিন। কিছু লাগলে আওয়াজ দিয়েন। আর পার্সেন্টেজটা কি আপনারা ঠিক করবেন, না আমরা নিজেরাই ম্যানেজ করে নেব?—কিসের পার্সেন্টেজ!—এই, কে আছিস! অ্যালিয়েন সাহেবকে একটু বোঝা! আচ্ছা, আপনারা আর কী কী পারেন!—মাইন্ড কন্ট্রোল!—বাহ্, বেশ তো! তা কার?—টু সাম এক্সটেন্ড, সবার!—বাহ্! ইংরেজিও জানে! বেশ আপনাকে দিয়ে কাজ হবে। এই কে আছিস, ওনাকে চিড়িয়াখানার একটা বানরের খাঁচায় থাকার ব্যবস্থা কর!—চিড়িয়াখানা কী?—গেলেই বুঝবেন! অ্যালিয়েনদের জন্য একধরনের ফাইভস্টার হোটেল বলতে পারেন।বিরতি—অ্যালিয়েনটা কী বলে?—বলে এটা নাকি ঠিক হচ্ছে না। এটা নাকি অন্যায়!—বলুক। কাজ হচ্ছে তো?—জি, কাজ হচ্ছে, যে রকম পেদানির ওপর রাখছি! আমার মাইন্ড ও কন্ট্রোল করতে চেয়েছে। আপনি তো জানেন, আমাদের আমরাই কন্ট্রোল করতে পারি না আর ও তো একটা নগণ্য অ্যালিয়েন!—এ দেশের সব মানুষের মগজ ধোলাই দিতে হবে। যারাই দুর্নীতি নিয়ে কথা বলবে তাদেরই মগজ ধোলাই!—হীরক রাজার দেশে ছবিটা দেখেছেন?—না, কেন?—ছবিটা এই রকম মগজ ধোলাই নিয়ে!—বেশ তো! অ্যালিয়েন সাহেবকে আগে ছবিটা দেখাও। বাই দ্য ওয়ে, ছবির ডিরেক্টর কে?—সত্যজিৎ রায় নামের এক ভদ্রলোক!—ভদ্রলোক বেশ দূরদর্শী। আগেই কী করে যেন বুঝতে পেরেছিলেন একদিন এমনই হবে।—আপনি কি দেশ থেকে দুর্নীতি মুছে ফেলতে চান!—কে আপনি? এই সুসময়ে কী চান?—দুর্নীতি দূর করতে চাই!—আর চাইতে হবে না! পেয়েছি! একে দিয়ে শুরু করা যাক। নিয়ে যাও একে যন্তরমন্তর ঘরে! এর পর থেকে যে বলবে দুর্নীতি বন্ধের কথা! আমরা কিছুই জানি না ওটা তারই মাথাব্যথা।—আমরা জানি শুধু মগজ ধোলাই!—মগজ ধোলাই!অতঃপর লোকটা বের হয়েই বলতে শুরু করল, এ দেশে কোনো দুর্নীতি নেই। দুর্নীতি বলে যদি কিছু থেকে থাকে তা ছিল বিগত সরকারের আমলে। দেশের মানুষ এখন মহা শান্তিতে আছে। এরপর সুর করে গেয়ে ওঠে, ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি...’অন্য কেউ না, সত্যি বলছি! অদ্ভুত এক অ্যালিয়েন বসে বসে দুর্নীতিগ্রস্ত মানুষ বাড়াচ্ছে এ দেশে! যে-ই যায় তার সংস্পর্শে, সে-ই হয়ে ওঠে দুর্নীতির রাবণ!