চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) দরপত্র নিয়ে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে স্থানীয় সাংসদ এম এ লতিফের বিরোধ প্রকাশ্যে রূপ নিয়েছে। এই পরিস্থিতিতে চট্টগ্রামের রাজনীতিবিদ, ব্যবসায়ী ও বন্দর বিশেষজ্ঞের মতামত তুলে ধরা হলো। সাক্ষাৎকার নিয়েছেন একরামুল হক ও মাসুদ মিলাদনগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেছেন, এনসিটির দরপত্র নিয়ে দুর্নীতির আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। একটি বিতর্কিত প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে আড়াই বছর ধরে চেষ্টা চলছে। এই অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ করতে মহিউদ্দিন চৌধুরী মাঠে নেমেছেন। আমরা আশা করেছিলাম, চেম্বারও এনসিটির দরপত্রের অনিয়ম নিয়ে কথা বলবে। দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হবে; কিন্তু এই প্রতিষ্ঠানটি বিষয়টি নিয়ে মুখ খোলেনি। বরং দুর্নীতিবাজ ব্যক্তিদের সঙ্গে হাত মিলিয়েছে চেম্বার। তিনি আরও বলেন, চেম্বার মহিউদ্দিন চৌধুরীর দুর্নীতিবিরোধী কর্মসূচির বিরুদ্ধে পাল্টা কর্মসূচি দিয়ে মাঠ গরম রাখতে চায়। আর এই চেম্বারকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন সাংসদ এম এ লতিফ। যারা দেশের পরিস্থিতি অস্থির করে ফায়দা লুটতে চায়, তাদের অংশীদার তিনি। এতে সরকার ও দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাঁর কোনো বক্তব্য থাকলে তিনি নোটিশ দিয়ে সংসদে কথা বলতে পারেন। কিংবা সংসদীয় কমিটির বৈঠকে মতামত দিতে পারেন। ব্যবসায়ীদের প্লাটফরম ব্যবহার করা কি উচিত হচ্ছে? তিনি চেম্বারের নির্বাহী কমিটির দায়িত্বে নেই। অথচ চেম্বারের সব বিষয়ে তিনি মাথা ঘামান। এতে চেম্বারকে বিতর্কিত করা হচ্ছে।