দুর্নীতিবিরোধী বিতর্ক
‘ছাত্ররাই পারে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে’ স্লোগানে ১ এপ্রিল চট্টগ্রাম কলেজিয়েট উচ্চবিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা। দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করে মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি। এ ছাড়া অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা।বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্তপর্বে অংশ নেয় ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজিয়েট উচ্চবিদ্যালয়। এতে বিজয়ী হয় কলেজিয়েট উচ্চবিদ্যালয়। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয় কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র অনুপম দেবাশীষ রায়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ফাতেমা নার্গিস চৌধুরী। এর আগে অনুষ্ঠান উদ্বোধন করেন মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভানেত্রী মনোয়ারা হাকিম আলী। বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশন চট্টগ্রামের পরিচালক মেজর ফয়সাল পাশা এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, চট্টগ্রামের উপপরিচালক আজিজ উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাওন পান্থ। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে দুর্নীতিবিরোধী সাংস্কৃতিক স্কোয়াড এবং ত্রিতরঙ্গ কেন্দ্রীয় সাংস্কৃতিক দল। শেষে বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।