চকরিয়া উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের জনগণের মুখোমুখি করা হয়েছিল। গত ২৩ ফেব্রুয়ারি বিকেলে ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানের আয়োজন করে দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহায়তায় চকরিয়া সচেতন নাগরিক কমিটি (সনাক)। চকরিয়া বিমানবন্দর বিজয় মঞ্চে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাক চকরিয়ার সদস্য এজাহার হোছাইন। টিআইবির আঞ্চলিক ব্যবস্থাপক মো. জসিম উদ্দিনের সঞ্চালনে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম, বরইতলী ইউনিয়নের চেয়ারম্যান এটিএম জিয়াউদ্দিন চৌধুরী, কৈয়ারবিলের শাহজান চৌধুরী, সুরাজপুর-মানিকপুরের আজিমুল হক, সাহারবিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোখতার আহমদ, সুশাসনের জন্য নাগরিকের সভাপতি বশিরুল আলম ও মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন। সমাপনী বক্তব্য দেন সনাক সদস্য মাইন উদ্দিন হাসান। অনুষ্ঠানে আসা জনগণ উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যানদের কাছে এক বছরের কার্যক্রমের ওপর প্রশ্ন করেন। প্রশ্নের জবাবে উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম বলেন, গত এক বছরে উপজেলা পরিষদ নানা সীমাবদ্ধতা ও আইনি জটিলতার মধ্যেও অনেক সাফল্য পেয়েছে। তিনি আরও বলেন, ‘আমরা যেভাবে সাধারণ জনগণের মুখোমুখি হয়ে নির্বাচনে জয়ী হয়েছি তেমনি প্রতি বছর কর্মকাণ্ডের মূল্যায়নের জন্য জনগণের মুখোমুখি অনুষ্ঠানে জনগণের কাছে আসব। জনগণই আমার মূল প্রেরণা।’