দুর্নীতিমুক্ত প্রার্থীই পছন্দ ভোটারদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনের কী খবর?‘এখানে প্রার্থী অনেক। তবে জয়-পরাজয় নির্ধারণ হবে দুজনের মধ্যে।’ এঁরা কারা?‘আবদুস সবুর ওরফে লিটন ও সাবেক কাউন্সিলর ফয়েজ আহমদ।’বাকিদের অবস্থা?‘এসএস এরশাদ উল্লাহকেও হিসাবের মধ্যে রাখতে হবে। বাকিরা অতটা সুবিধা করতে পারবেন বলে মনে হয় না।’ রামপুর ওয়ার্ডের একটি চায়ের দোকানের সামনে কথা হচ্ছিল কলেজছাত্র বশির জামানের সঙ্গে। বোঝা গেল এলাকা সম্পর্কে বেশ খবর রাখেন। তাঁর কাছ থেকে প্রার্থীদের বর্তমান অবস্থান অর্থাৎ কাকে কোথায় পাওয়া যাবে তার একটা ধারণা নিয়ে এগোতে লাগলাম। পথে দেখা হলো একজন বয়োজ্যেষ্ঠর সঙ্গে। নাম শফিক মিয়া। অবসরপ্রাপ্ত এই সরকারি কর্মকর্তা বললেন, ‘আমরা তো বহু আশা করে ভোট দেই। কিন্তু বিজয়ী প্রার্থীরা পরে আর আশা পূরণ করেন না। তাঁরা নিজের কাজেই ব্যস্ত হয়ে পড়েন।’ তাঁর সঙ্গী নাছের উদ্দিন খানও একইভাবে বললেন, ‘আমরা চাই কাউন্সিলর এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াবেন। এভাবে যাঁকে আমরা সব কাজে পাব বলে মনে হবে তাঁর পক্ষেই রায় দেব।’ এঁদের সঙ্গে আলাপ সেরে কিছুদূর এগিয়ে আসতেই দেখা হয় কাউন্সিলর প্রার্থী লিটনের সঙ্গে। গণসংযোগে ব্যস্ত তিনি। সঙ্গী একদল তরুণ। বললেন, ‘ক্লান্ত হয়ে গেছি। গলা বসে গেছে।’ অল্পকথায় বলেন, ‘আমাদের এলাকায় এখনো অনেক সমস্যা। সবার সঙ্গে বসে এগুলোর সমাধানের চেষ্টা থাকবে আমার। আমি চাই এলাকার মানুষের সব সমস্যা দূর করতে।’ ২৫ নম্বর রামপুর ওয়ার্ডের নির্বাচনী দৌড়ে আছেন ১০ জন। আবদুস সবুর ওরফে লিটন, আলী হায়দার চৌধুরী, সাবেক কাউন্সিলর ফয়েজ আহমদ, গোলাম জাকির, জাহেদ হোসেন, বর্তমান ওয়ার্ড কাউন্সিলর কবির আহমদ, আবদুল করিম, ওমর মিয়া, এস এম এরশাদ উল্লাহ ও সাইদুর রহমান। তবে প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন তিনজন—আবদুস সবুর, আওয়ামী লীগ হালিশহর থানার আহ্বায়ক, গত দুবার নির্বাচিত কাউন্সিলর ফয়েজ আহমদ এবং এস এম এরশাদ উল্লাহ। এলাকাবাসী এভাবেই তাঁদের মতামত দিয়েছেন। এঁরা তিনজনই আওয়ামী ঘরানার। কিন্তু নির্বাচনী প্রচারে এলাকায় লিটনের উপস্থিতিই বেশি বলে স্থানীয় লোকজন জানান। এ প্রসঙ্গে ফয়েজ আহমদ বলেন, ‘আমি আমার সময়ে যতদূর সম্ভব উন্নয়ন করেছি। আগামীদিনেও সে চেষ্টা অব্যাহত থাকবে।’ কলেজশিক্ষক ফারহান মাহবুব বলেন, ‘আমরা চাই দুর্নীতিমুক্ত, নির্লোভ, নিবেদিতপ্রাণ একজন সমাজকর্মী।’ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীমা দীবা বলেন, সমাজের উন্নয়নের জন্য যোগ্য প্রার্থীই বাছাই করা দরকার আমাদের।’