দুর্নীতির বিরুদ্ধে শপথ নিল শিক্ষার্থীরা
কক্সবাজারের মাতামুহুরী কলেজের তিন শতাধিক শিক্ষার্থী দুর্নীতির বিরুদ্ধে লড়ে যাওয়ার শপথ নিল। ১১ নভেম্বর ট্রান্সপারেন্সি বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজিত সমাবেশে এই শপথ নেন তাঁরা। ‘দুর্নীতিমুক্ত দেশ ও সমাজ-আমাদের অঙ্গীকার’—এই স্লোগানকে উপজীব্য করে তরুণ প্রজন্মের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা জাগ্রত করার জন্য আয়োজন করা হয় এই সমাবেশ।
সমাবেশে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে তরুণদের ভূমিকা শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিআইবির চকরিয়া অঞ্চলের প্রকল্প ব্যবস্থাপক এ কে এম রেজাউল কবীর।
সনাক সভাপতি ফরিদ উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মাতামুহুরী কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, সনাক চকরিয়ার ইয়েস উপকমিটির আহ্বায়ক জিয়া উদ্দীন, স্বজন চকরিয়ার আহ্বায়ক ইয়াসির আরাফাত চৌধুরী, টিআইবির আঞ্চলিক ব্যবস্থাপক ইকবাল হোসেন।
ফরিদ উদ্দীন চৌধুরী বলেন, দুর্নীতিবিরোধী কার্যক্রমকে বেগবান করার জন্য তরুণদের ভূমিকা অপরিসীম। দুর্নীতি রুখতে হলে তরুণসমাজকে সোচ্চার হতে হবে। তা ছাড়া সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করার জন্য প্রথমে তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়ন দরকার।