
১৮ বছর বয়স হওয়ার আগেই ফেসবুক ফলোয়ারের সংখ্যা এক কোটি ছাড়িয়েছে প্রথম আলোর। জন্ম নিবন্ধন সনদে দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ৪ নভেম্বর ১৮ বছর পূর্ণ করছে এই দুর্বার তরুণ। শেষ খবর পাওয়া পর্যন্ত ফেসবুকে তার ফলোয়ারের সংখ্যা ১ কোটি ৩ লাখ ৬০ হাজার ৭২৫...না না ২৬...না না ২৭...না ২৮...থুক্কু ৩০ জন...
প্রথম আলোর এই সাফল্যে ফেসবুকে পৃথক বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন তার এক কোটির বেশি বন্ধু। আনন্দে উচ্ছ্বসিত হয়ে এই তরুণের ফেসবুক পেজে ‘অ্যাঞ্জেল পাখি’ নামের এক বন্ধু লিখেছেন, ‘প্লিজ, এড়িয়ে যাবেন না। মাত্র পাঁচ মিনিটে এক হাজার টাকা ইনকাম করতে চান? এখনই ক্লিক করুন এই লিংকে...।’
কারওয়ান বাজারে প্রথম আলোর বাসভবনে গিয়ে দেখা গেল, জন্মদিনের প্রস্তুতি চলছে। ব্যস্ততার ফাঁকে এই তরুণ বলল, ‘আর বলবেন না, যত বেশি বন্ধু তত বেশি ট্রিট দিতে হয়। বন্ধুদের প্রত্যাশার চাপ তো আছেই। তাই জন্মদিন নিয়ে ব্যাপক টেনশনে আছি। টেনশন আরও আছে। ১৮ বছর তো হলো, এখন জাতীয় পরিচয়পত্র পাব। এনআইডির ছবিতে আমাকে চেনা যাবে কি না, কে জানে!’ পরমাণুসন্ধানে জানা গেল, শুধু অনলাইনেই নয়, অফলাইনেও প্রথম আলো ভীষণ জনপ্রিয়। প্রতিদিন ২১০টি দেশের প্রায় ৫৫ লাখ বন্ধুর সঙ্গে তার কথা হয়।
এ প্রসঙ্গে কথা বলতে গতকাল রোববার যোগাযোগ করা হলে নাম প্রকাশ না করার শর্তে ফেসবুকের একজন অতিরিক্ত উপমহাসচিব বলেন, ‘এত অল্প বয়সে কীভাবে এত অনুসারী তৈরি হলো, ব্যাপারটা আমরা খতিয়ে দেখছি। তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির দেওয়া প্রতিবেদন হাতে পাওয়ার পর আমরা বিস্তারিত বলতে পারব।’