দুর্বিপাকে ভারতের কোয়ালিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র কিছুদিন আগেও মনে করা হতো, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং কোনো ভুল করতে পারেন না। প্রায় সততার প্রতিমূর্তি হিসেবে বিবেচিত মনমোহন গত বছর মে মাসে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন।কংগ্রেস ২০০৯ সালের লোকসভা নির্বাচনে আসনসংখ্যা ২০০৪ সালের ১৪৫ থেকে বাড়িয়ে ২০৬-এ উন্নীত করতে সক্ষম হয়। ভারতের বর্তমান নির্বাচনী মানদণ্ড অনুযায়ী এই সাফল্য নিঃসন্দেহে চমকপ্রদ।ভারতের বিরোধী দলের অবস্থা তখন এলোমেলো। মনে হচ্ছিল কংগ্রেসের নেতৃত্বাধীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) জোট সরকার এক সোনালি সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। মনমোহন সিং এবং কংগ্রেসের প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীর মধ্যকার অবিচল সমঝোতা দেশে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে। দুজনের মধ্যে ঘনঘন বৈঠক ইঙ্গিত দেয় যে তাঁরা দল ও সরকার পরিচালনার ক্ষেত্রে দায়িত্বগুলো সুন্দরভাবে ভাগ করে নিয়েছেন।কিন্তু গত কয়েক মাসে মনমোহন বা সোনিয়ার ব্যক্তিগত হিসাব-নিকাশ ভালো চললেও কংগ্রেসের নেতৃত্বাধীন কোয়ালিশন সরকারের অবস্থা হয়ে উঠেছে সঙিন।মুদ্রাস্ফীতি, দুর্নীতির অভিযোগ, দক্ষিণাঞ্চলে পৃথক তেলেঙ্গানা রাজ্যের দাবিতে জোরদার আন্দোলন, রাজ্য নেতা ও মন্ত্রীদের ক্ষমতার অপব্যবহার এবং ভূমি বরাদ্দে স্বজনপ্রীতির মতো অভিযোগ একের পর এক মনমোহনের সরকারকে তোপের মুখে ফেলে। এ ছাড়া আদালতের দেওয়া কয়েকটি রায় সরকারের মাথাব্যথা বাড়িয়ে দেয়। ‘টু জি কেলেঙ্কারি’ হিসেবে পরিচিত হয়ে ওঠা মোবাইল ফোনের তরঙ্গ বরাদ্দ বিষয়ে সরকারের সিদ্ধান্ত সম্পর্কে সম্প্রতি বেশকিছু কঠিন মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট।এ ছাড়া বিদেশি ব্যাংকে ভারতীয় অনেকের সঞ্চিত হিসাবহীন টাকার বিষয়ে এক মামলার শুনানিতে অধিকতর তথ্য সরবরাহে ‘গাফিলতির জন্য’ জোট সরকারের সমালোচনা করেন আদালত। দুজন বিচারক বলেন, এটি স্পষ্টতই জাতীয় অর্থের চুরি।এ রকম এক পরিস্থিতিতে অতিসম্প্রতি মন্ত্রিসভায় পরিবর্তন এনেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ৩৬ জন মন্ত্রীর দপ্তর বদল করেছেন তিনি। মন্ত্রিসভার এই পরিবর্তনকে ‘ক্ষুদ্র রদবদল’ বলে অভিহিত করেছেন মনমোহন। আগামী কয়েক মাসে আরও বড়সড় রদবদলের অঙ্গীকার করেন তিনি।কিন্তু বিশ্লেষকেরা মনে করছেন, মন্ত্রিসভার এই রদবদল সরকারের ভাবমূর্তি উন্নত করতে সাহায্য করবে না। দ্য হিন্দু পত্রিকার সহযোগী সম্পাদক নিনা ভিয়াস বিবিসিকে বলেন, ‘এসবের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সরকার বিরোধী দলের সঙ্গে সৃষ্ট ব্যবধান কমাতে পারবে কি না।’নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা বলেছেন, সরকারকে এক ধরনের অচলাবস্থা আঁকড়ে ধরেছে। একজন বলেন, ‘এ রকম একটি অবস্থায় হঠাৎ প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কায় কেউই কোনো সিদ্ধান্ত নিতে চাইছে না।’এখন প্রশ্ন দেখা দিয়েছে, মন্ত্রিসভায় রদবদলের মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার কতটুকু সফল হবে। নতুন খাদ্যনিরাপত্তা বিলের মতো আরও কয়েকটি বিষয়ে সরকার ও জাতীয় উপদেষ্টা কাউন্সিলের মধ্যে মতপার্থক্য আছে। সেটিও একটি উদ্বেগের কারণ। ভারতীয় বিশ্লেষকেরা মনমোহনের বর্তমান মেয়াদের রাজনৈতিক সংকটের সঙ্গে তুলনা করছেন গত শতকের মধ্য আশির দশকের কংগ্রেসেরই সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সময়কার। দুর্নীতির কেলেঙ্কারির কারণে বিপাকে পড়ে রাজীবের সরকার। শেষ পর্যন্ত ১৯৮৯ সালের নির্বাচনে রাজীব গান্ধী পরাজিত হন।তখনকার পরিস্থিতির সঙ্গে এবারের মিল থাকলেও মনমোহন ও সোনিয়ার সামনে দল ও সরকারের ভাবমূর্তি উদ্ধার এবং জনপ্রিয়তা ফিরে পাওয়ার সুযোগ এখনো আছে। খাদ্যদ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে সাফল্য ও আগামী বাজেট অধিবেশনের ওপর অনেক কিছু নির্ভর করবে।২০১৪ সালের মে মাসে ভারতের পরবর্তী নির্বাচন হওয়ার কথা। সেই নির্বাচনের এখনো তিন বছরের কিছু বেশি সময় বাকি। কাজেই সময় এখনো আছে। কিন্তু আগামী নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় ফেরাটা মনমোহন-সোনিয়া জুটির জন্য মোটেই সহজ হবে না।