দুর্বৃত্তদের করাতে উজাড় হচ্ছে ঝাউবাগান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্বৃত্তরা কেটে নিয়ে গেছে ঝাউগাছ। পড়ে আছে গোড়া। টেকনাফের বড়ডেইল এলাকার চিত্র l প্রথম আলো
দুর্বৃত্তরা কেটে নিয়ে গেছে ঝাউগাছ। পড়ে আছে গোড়া। টেকনাফের বড়ডেইল এলাকার চিত্র l প্রথম আলো

দুর্বৃত্তদের করাতের থাবায় উজাড় হচ্ছে কক্সবাজারের টেকনাফ সমুদ্রসৈকতে সৃজিত ঝাউবাগান। প্রতিদিন রাতের আঁধারে বাগানের একাধিক গাছ কেটে নিয়ে যাচ্ছে তারা। ফলে হুমকির মুখে পড়ছে উপকূলীয় এলাকা।
২৫ মার্চ দুপুরে সৈকতের বাহারছড়া, শামলাপুর, জাহাজপুরা, বড়ডেইল, পুরানপাড়া এলাকার ঝাউবাগান ঘুরে দেখা গেছে, ১০ থেকে ১৫ গজ অন্তর পড়ে আছে কাটা গাছের গোড়া। কিছু গোড়া যে সদ্য কাটা, সেই ছাপ স্পষ্ট। কয়েকটি স্থানে গাছের গোড়াও তুলে নিয়ে যাওয়ায় সৃষ্টি হয়েছে বড় গর্ত।
পুরানপাড়া এলাকার বাসিন্দা লায়লা খাতুন (৪৫) জানান, প্রতি রাতে দুর্বৃত্তরা ঝাউগাছ কেটে পাচার করে। আর দিনের বেলায় কেটে ফেলা গাছের গোড়া স্থানীয় লোকজন জ্বালানির জন্য তুলে নেয়। ঘরবাড়ি-দোকান তৈরির খঁুটি, মাছ ধরার নৌকা ও পাকা ভবন তৈরির কাজে এই ঝাউগাছ ব্যবহৃত হচ্ছে। প্রতিটি ঝাউগাছ বিক্রি হয় ৭০০ থেকে ১১০০ টাকায়।
শামলাপুরের জেলে আব্বাস আলী (৪৭) জানান, বাহারছড়া এলাকায় মাছ ধরার পাঁচ শতাধিক নৌকা রয়েছে। এসব নৌকা তৈরি হয় সংরক্ষিত বনের কাঠ ও ঝাউগাছ দিয়ে।
সাবরাং এলাকার নোয়াপাড়ার ব্যবসায়ী আবুল কালাম (৫২) ও নুরুল আমিন (৩৬) জানান, গত এক মাসে (২৫ ফেব্রুয়ারি থেকে) সংঘবদ্ধ চক্র দুই কিলোমিটার বাগানের প্রায় ৭০০ গাছ কেটে নিয়েছে। কারা গাছ কাটে, তা স্থানীয় বনকর্মীরা জানেন। কিন্তু নীরব থাকেন। ঝাউগাছ কেটে ফেলায় জোয়ারের পানিতে উপকূল বিলীন হচ্ছে।
বন বিভাগ সূত্র জানায়, ২০০২-০৩ সালে উপজেলার শাহপরীর দ্বীপ থেকে বাহারছড়া শামলাপুর পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার সৈকতে (৭০০ একর বালুচরে) ১০ লাখের বেশি ঝাউগাছ রোপণ করা হয়। উদ্দেশ্য ঝড়-জলোচ্ছ্বাস থেকে উপকূলীয় সম্পদ ও জানমাল রক্ষা করা। কয়েক বছরের মাথায় গাছগুলো ২৫ থেকে ৪০ ফুট উঁচু হলে দুর্বৃত্তদের দৃষ্টি পড়ে।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিব উল্লাহ ও সদস্য মোহাম্মদ হোসেন অভিযোগ করেন, স্থানীয় বনকর্মীদের যোগসাজশে ঝাউগাছ নিধন চলছে। দুই বছর আগেও বাহারছড়ার দেড় কিলোমিটার এলাকায় প্রায় দুই লাখ ঝাউগাছ ছিল। এখন অর্ধেকও নেই। এতে উপকূলে ঝঁুকি বাড়ছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে উপকূলীয় বন বিভাগের শামলাপুর বনবিট কর্মকর্তা মো. আসলাম উদ্দিন বলেন, ‘রাতদিন পাহারা দিয়েও ঝাউগাছ রক্ষা করতে পারছি না। কারণ, লোকবলসংকট।’ তবে গাছ কাটার সঙ্গে বনকর্মীদের যোগসাজশের অভিযোগ ভিত্তিহীন দাবি করেন তিনি।